চট্টগ্রামে জেএমবির সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশকে লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আরও অন্তত ছয়জন জেএমবির সদস্য পালিয়ে যান। আজ রোববার সন্ধ্যায় আলীপুর হাসপাতাল গেট এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। ওই বাসা থেকে জিহাদি বই ও চারটি বোমা উদ্ধার করা হয়েছে। হাটহাজারী থানার পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ওই জেএমবির সদস্যের নাম শামীম হাসান (২২)। তাঁর বাড়ি লালমনিরহাটে। তিনি রিকশাচালকের বেশে ওই এলাকায় থাকতেন। জেএমবির সদস্যরা ১ ডিসেম্বর আলীপুরে ডা. শফির তিনতলা বাড়ির নিচতলার একটি কক্ষ ভাড়া নেন। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘শামীমের কাছ থেকে বোমা বা গ্রেনেডসদৃশ চারটি বস্তু পাওয়া গেছে। এগুলো দেশে তৈরি বলে মনে হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার পর সবকিছু জানা যাবে।’ জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মো. ওমর ফারুক আলীপুরের বাসা থেকে কর্মস্থলে যাওয়ার জন্য শামীমের রিকশায় উঠতে চান। কিন্তু শামীম তাঁকে নিতে অস্বীকৃতি জানান। এ সময় তাঁর আচরণ ফারুকের কাছে সন্দেহজনক মনে হওয়ায় তিনি তাঁর নাম-ঠিকানা জানতে চান। বাসা একই এলাকায় জেনে তিনি শামীমকে বলেন, ‘চলো, তোমার বাসায় যাব।’এসআই ফারুক জানান, তিনি শামীমকে নিয়ে আলীপুরে তাঁদের ভাড়া বাসায় যান। বাসায় ঢোকার মুখে তাঁদের দেখে ভেতরে থাকা একজন কাঁথা দিয়ে কিছু একটা আড়াল করার চেষ্টা করেন। তখন তিনি দুজনকে তাঁর সঙ্গে থানায় যেতে বলেন। এরপর তিনি শামীমকে নিয়ে বাড়ি থেকে বের হন। এ সময় অন্য যুবকটি তাঁকে লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যান। বোমাটি লক্ষ্যচ্যুত হয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সুযোগে শামীমও পালানোর চেষ্টা করে। তখন ফারুক তাঁকে ধরে ফেলেন। পরে থানা থেকে আরও পুলিশ এসে ওই বাসায় অভিযান চালিয়ে জিহাদি বই ও চারটি বোমা উদ্ধার করে। এই বাসায় আর চার-পাঁচজন সদস্য ছিল বলে পুলিশ জানায়। ওসি বলেন, ‘শামীম জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের উপস্থিতি টের পেয়ে তাঁর সহযোগীরা পালিয়ে যায়।’