টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে। নিচু এলাকাগুলো হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে যায়। আমবাগান ঝাউতলা এলাকায় একটি গাছ একটি মাইক্রোবাসের ওপর পড়লে এক আরোহী নিহত ও দুজন আহত হন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি উড়োজাহাজ নামতে পারেনি।আবহাওয়া দপ্তর সূত্র জানায়, গতকাল চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।বৃষ্টিপাতের কারণে কাপাসগোলা, বাকলিয়া, ডিসি রোড, মুরাদপুর, হালিশহর, বাদুড়তলা, চান্দগাঁও, চকবাজার, আগ্রাবাদ সিডিএ, এক্সেস রোড, ষোলশহর, বহদ্দারহাট, চাক্তাই, খাতুনগঞ্জসহ নগরের নিচু এলাকাগুলোতে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। এসব এলাকার অনেক বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানেও পানি ঢুকে পড়ে। ফলে এসব এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়ে। জলাবদ্ধতার কারণে অনেক সড়কে যানবাহন চলাচল কমে যায়। স্বাভাবিকের চেয়ে দুই-তিন গুণ বেশি রিকশাভাড়া গুনতে হয়েছে মানুষকে। সকালে বেশি দুর্ভোগে পড়ে স্কুল-কলেজ ও অফিসগামী লোকজন।দুপুরে কাপাসগোলা এলাকায় গিয়ে দেখা যায়, সড়কে জমে থাকা কোমরসমান পানি ভেঙে চলাচল করছে লোকজন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের নিচতলায়ও পানি ঢুকেছে। চকবাজারের বাদুড়তলা এলাকায় দেখা যায়, কোমরসমান পানিতে তলিয়ে যাওয়া সড়কে বৃষ্টির মধ্যে চলছে লোকজন ও রিকশা। রিকশার চাকা ডুবে গেছে পানিতে। পানি ঢুকেছে বাসা-বাড়ি-দোকানে। কোনো কোনো দোকানে হাঁটুসমান পানি ওঠে। খাবার তৈরির একটি দোকানে হাঁটুসমান পানিতে দাঁড়িয়ে কর্মচারীদের কাজ করতে দেখা যায়।চকবাজারের লাকি স্টোরের মালিক দোলন দাশ বলেন, ‘গতকাল (বুধবার) থেকে তিনবার পানি উঠেছে। একটু বেশি বৃষ্টি হলেই আমাদের এখানে পানি ওঠে।’ডিসি রোডের বাসিন্দা মিজান জানান, বুধবার রাতেই তাঁদের নিচতলার বাসায় পানি ঢোকে। মাঝখানে পানি নেমে গেলেও গতকাল সকালে আবার পানি ঢোকে। নালা-নর্দমা সংকুচিত হয়ে পড়ায় এ অবস্থা হয়েছে।তুলনামূলক পানি কম জমেছে ব্যবসায়িক এলাকা হিসেবে পরিচিত চাক্তাই খাতুনগঞ্জে। এখানকার সড়কে কিছু কিছু স্থানে পানি উঠলেও কোনো প্রতিষ্ঠানে পানি ঢোকেনি। ব্যবসায়ীরা জানান, ভারী বৃষ্টিপাত হলেও পূর্ণিমা কিংবা অমাবস্যা ছিল না বলে জোয়ারের পানি না ঢোকায় পানি কম হয়েছে।এদিকে সকাল সোয়া ১০টার দিকে আমবাগানে রেলওয়ে ওয়ার্কশপ এলাকায় একটি শিরীষগাছ ভেঙে রাস্তায় একটি মাইক্রোবাসের ওপর পড়ে। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং আবদুল হান্নানসহ (৩৫) তিনজন আরোহী আহত হন। হাসপাতালে নিয়ে গেলে হান্নানকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বলেন, মাইক্রোবাসটি সীতাকুণ্ড থেকে আসছিল।জানা যায়, বৃষ্টির পানি ঢুকে নরম হয়ে যাওয়ায় পাথরঘাটা সেবক কলোনির একটি পুরোনো ভবনের দোতলার বারান্দা ধসে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ভবনটির এক পাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ভবনটি আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী, গতকাল সকাল ছয়টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে, ১২৫ মিলিমিটার। একই সময় কক্সবাজারে ৭০ মিলিমিটার ও ফেনীতে ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এই বৃষ্টিপাত হচ্ছে।পতেঙ্গা আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।অতি বর্ষণজনিত কারণে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার ও সিলেট অঞ্চলের নৌবন্দরগুলোর জন্য ১ নম্বর নৌ-সতর্কবার্তা জারি করা হয়েছে।