চট্টগ্রামে টানা বৃষ্টির পর রোদের ঝিলিক
রাতভর থেমে থেমে বৃষ্টির পর আজ শনিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রামে রোদের ঝিলিক দেখা গেছে। গতকাল শুক্রবার রাত ও আজ সকালের বৃষ্টিতে নগরের অনেক নিচু এলাকা আবারও প্লাবিত হয়েছে। তবে বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে বেশির ভাগ এলাকা থেকে পানি নেমে যেতে শুরু করেছে।পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, সকাল নয়টার আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টিতে চকবাজার, মুরাদপুর, বহদ্দারহাট, চান্দগাঁও, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাকলিয়াসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। বৃষ্টির সঙ্গে সঙ্গে জোয়ারের পানিতে জলাবদ্ধতা আরও প্রকট হয়।আজ সকাল নয়টার পর আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমে আসে। দুপুর ১২টার দিকে চট্টগ্রামে রোদ দেখা যায়। আকাশে মেঘের আনাগোনাও কমে আসে। তবে আবহাওয়া দপ্তর আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে।