চট্টগ্রামে টেম্পুতে আগুন, আটক পাঁচ
চট্টগ্রামে গাড়িতে আগুন, সড়ক ও রেলপথ অবরোধের মধ্য দিয়ে চলছে ইসলামী ও সমমনা দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। এ পর্যন্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ।বেলা পৌনে ১১টার দিকে নগরের সিরাজউদ্দৌলা সড়কের সাব-এরিয়া এলাকায় একটি টেম্পুতে আগুন দেন হরতালের সমর্থকেরা। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আবদুল মান্নান প্রথম আলো ডটকমকে জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। এ ছাড়া নগরের ওয়াসা মোড় এলাকায় গাড়ি চলাচলে বাধা দেওয়ার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে বলে প্রথম আলো ডটকমকে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মোস্তাক আহমেদ।সকালে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে যান চলাচলে বাধা দেন হরতালের সমর্থকেরা। এ ছাড়া সরকারহাট এলাকায় রেললাইনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নাজিরহাট থেকে শহরের দিকে আসা একটি ট্রেন আটকে দেন তাঁরা।সকাল সাড়ে আটটায় নগরের লালদীঘি পাড়ে একটি ঝটিকা মিছিল বের করেন হরতালের সমর্থকেরা।