চট্টগ্রামে ট্রেনের ইঞ্জিনে আগুন লাগানোর চেষ্টা
চট্টগ্রাম পুরাতন রেলস্টেশনে একটি ট্রেনের ইঞ্জিনে আগুন লাগানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত সাড়ে আটটায় পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনে আগুন লাগানোর চেষ্টা করে।রেলওয়ে পুলিশ জানায়, আজ রাতে বটতলী পুরাতন রেলস্টেশনের পশ্চিম দিক থেকে সাত নম্বর লাইনে দাঁড়ানো একটি ইঞ্জিনে কয়েকজন দুর্বৃত্ত আগুন লাগানোর চেষ্টা করে। এ সময় বিকট শব্দে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়। স্টেশনে উপস্থিত লোকজনের মধ্যে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ছোটাছুটি শুরু করে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার দেওয়ান জালাল উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘বটতলী স্টেশনের পশ্চিমে সাত নম্বর রেললাইনে একটি ইঞ্জিন দাঁড়ানো ছিল। শুরুতে পাঁচটি ককটেল ফাটায় দুর্বৃত্তরা। এরপর তারা ওই ইঞ্জিনে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় নিরাপত্তারক্ষীরা একজনকে আটক করেন।’আটক ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। দেওয়ান জালাল বলেন, ‘আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় কে বা কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে।’এদিকে, রাত নয়টার দিকে নগরের আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারের সামনে কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।