চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল, ধরপাকড়
চট্টগ্রামে ঢিলেঢালাভাবে গতকাল রোববার হরতাল পালিত হয়েছে। হরতালকারীদের ব্যাপক ধরপাকড় করা হয়েছে। তারা লাঠিসোঁটা নিয়ে মিছিল-পিকেটিং করার চেষ্টা করলে পুলিশ ৪৯ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে ভ্রাম্যমাণ আদালত ১১ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। সংবিধানের মূলনীতি থেকে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাটি তুলে দিয়ে ‘ধর্মনিরপেক্ষতা’ ও ‘সমাজতন্ত্র’ প্রতিস্থাপন করার প্রতিবাদে ১২টি ধর্মভিত্তিক দল ও সংগঠন গতকাল রোববার থেকে সারা দেশে ৩০ ঘণ্টা হরতালের ডাক দেয়।হরতালের প্রথম দিন গতকাল সকাল থেকে চট্টগ্রাম নগরের বিভিন্ন মোড়ে পুলিশ সতর্ক অবস্থান নেয়। ভোরে ডবলমুরিং এলাকায় গাড়ি ভাঙচুরের চেষ্টাকালে পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করে। প্রায় একই সময় বহদ্দারহাট, চান্দগাঁও ও চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকা থেকে আরও ৩২ জনকে আটক করা হয়। দুপুর ১২টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকা থেকে আরও তিনজনকে আটক করা হয়।পুলিশ সূত্র জানায়, সিইপিজেড এলাকায় গ্রেপ্তার ১৭ জনের মধ্যে ১১ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে চারজনকে জরিমানা ও সাতজনকে এক দিন থেকে সর্বোচ্চ সাত দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ভোরেই নগরের মোড়ে মোড়ে পুলিশ সতর্ক অবস্থান নেওয়ায় পিকেটাররা সুবিধা করতে পারেনি। গাড়ি ভাঙচুর ও লাঠিমিছিল করার চেষ্টাকালে পুলিশ নগরের বিভিন্ন এলাকা থেকে পিকেটারদের আটক করে।গতকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় গাড়ি চলাচল বাড়তে থাকে। ফলে দ্রুত হরতালের আমেজ কেটে যায়। বিশেষ করে, নগরের শেখ মুজিব রোডসহ কয়েকটি সড়কে যানজটও দেখা যায়। রাস্তায় বিপুলসংখ্যক বাস, পণ্যবাহী ট্রাক, টেম্পো ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা যায়।পুলিশ জানায়, নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড়ে গতকাল ভোর পাঁচটার দিকে ৩৫-৪০ জন পিকেটার অবস্থান নেয়। তাঁরা বিভিন্ন মাদ্রাসার ছাত্র ও শিক্ষক। পুলিশ এর আগেই ভোর চারটার দিক থেকে নগরের গুরুত্বপূর্ণ মোড়ে সতর্ক অবস্থান নেয়। হরতাল শুরুর মুহূর্তে দেওয়ানহাট মোড়ে পিকেটাররা লাঠিমিছিল বের করে। এ সময় তারা গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ তাদের চারদিক থেকে ঘেরাও করে।হরতালে নগরের বেশির ভাগ দোকানপাট খোলা থাকলেও বড় বিপণিবিতান ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। দূরপাল্লার গাড়ি চলাচল করেনি। রেল চলাচল স্বাভাবিক ছিল। বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা স্বাভাবিক ছিল।সংবাদ সম্মেলন: ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বিকেলে সংগঠনের দেওয়ানহাট কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করা হয়। এতে নেতারা হরতালের সময় আটক দলীয় নেতা-কর্মীদের ছেড়ে দেওয়ার দাবি জানান। আজ সোমবার বিকেল পাঁচটায় দলের মহানগর কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করা হবে। সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো. রফিকুল আলম।পটিয়ায় রাস্তায় নামতে দেয়নি পুলিশ: পটিয়ার কওমি মাদ্রাসার আল জামেয়া আল ইসলামীয়া মাদ্রাসার ছাত্রদের রাস্তায় নামতে দেয়নি পুলিশ। সকাল থেকে মাদ্রাসার প্রধান ফটকে কর্তৃপক্ষ তালা লাগিয়ে দেওয়ায় আন্দোলনমুখী কোনো ছাত্র হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ করতে পারেনি।মাদ্রাসার ছাত্ররা জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কামাল বাজার এলাকায় পুলিশ কয়েকজন মাদ্রাসাছাত্রকে কান ধরে উঠবস করালে এবং ধাওয়া দিলে কিছুটা উত্তেজনা দেখা দেয়। এ সময় মাদ্রাসার কয়েক হাজার ছাত্র রেলস্টেশন এলাকায় জড়ো হয়ে মিছিল করার চেষ্টা চালায়।হাটহাজারীতে জীবনযাত্রা ব্যাহত: চট্টগ্রাম-হাটহাজারী-খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের মদনহাট, হাটহাজারী বাসস্টেশন, হাটহাজারী কলেজগেট, ইছাপুর ফয়জিয়া বাজার, মিরেরহাট, চারিয়া নয়াহাট, বুড়িপুকুরপাড়সহ বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে হরতালকারীরা। সকাল সাতটার দিকে নাজিরহাট থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী যাত্রীবাহী ট্রেন থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।