চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল, পুলিশের সঙ্গে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের এক সদস্যসহ ছয়জন আহত হয়।এ ছাড়া চট্টগ্রামে হরতাল ছিল ঢিলেঢালা। দুপুরের পর নগরের সড়কগুলোতে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় হরতালের আমেজ কেটে যায়। পিকেটিং করার সময় বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়। এদিকে পেট্রোল ও বিস্ফোরক বহনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বুধবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়।গতকাল সকাল থেকে নাসিমন ভবনের চত্বরে বিএনপির বিবদমান দুই পক্ষের নেতা-কর্মীরা অবস্থান নেন। এর আগ থেকেই পুলিশ কার্যালয়টি অবরুদ্ধ করে রাখে। মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী দুপুর সোয়া ১২টার দিকে সমাবেশ করার প্রস্তুতিকালে পেছন থেকে কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় সেখানে তিনটি ককটেল বিস্ফোরিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ এ সময় বিএনপির কর্মীদের এলোপাতাড়ি লাঠিপেটা করে। বিএনপির কর্মীরা মসজিদ-সংলগ্ন গলি থেকে ঢিল ছুড়তে থাকেন। আমীর খসরু দলীয় নেতাদের নিয়ে পার্শ্ববর্তী ভবনের দেয়াল ঘেঁষে অবস্থান নেন। পুলিশ একপর্যায়ে নাসিমন ভবনে ঢুকে এলোপাতাড়ি লাঠিপেটা করলে বিএনপির পাঁচ কর্মী আহত হন। বিএনপির কর্মীদের ঢিলের আঘাতে পুলিশের এক কনস্টেবল আহত হন। তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে হরতালের সমর্থনে কর্মসূচি পালন করছিলাম। পুলিশ আচমকা লাঠিপেটা করে কর্মী-সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।’মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ককটেল বিস্ফোরণ ও পুলিশকে ইটপাটকেল নিক্ষেপের জন্য আওয়ামী লীগের ‘চরদের’ দায়ী করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের ‘চর’ ঢুকে গেছে। ওরা আন্দোলন বানচাল করতে নাসিমন ভবনের পেছন থেকে হামলা চালায়।’নগর বিএনপির দুই পক্ষ গতকাল সংঘর্ষের আগ মুহূর্ত পর্যন্ত পৃথক অবস্থানে ছিল। পুলিশের কর্মকর্তারা জানান, বিএনপির একপক্ষের কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।পিকেটিংকালে লাভলেইন এলাকা থেকে মো. আবদুল আজিজ (২২) ও নাসিমন ভবন চত্বর থেকে মামুনুর রশিদকে (২১) পুলিশ গ্রেপ্তার করে। বুধবার রাতে কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় জয়নাল আবেদীন (৪৮), সাবের আহম্মদ (৫০) ও আবুল কালামকে (৩০)। তাঁদের বিরুদ্ধে হরতালে নাশকতার পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছে।গতকাল সকালে চট্টগ্রাম কলেজ-সংলগ্ন প্যারেড মাঠের কাছে যাত্রীবাহী একটি বাসে হামলা হয়। পুলিশ এ ঘটনার জন্য ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের দায়ী করেছে।হরতালবিরোধী মহড়া: বিভিন্ন অলিগলিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল মোটরসাইকেলে করে হরতালবিরোধী মহড়া দেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগানও দেন।আওয়ামী লীগ বিভিন্ন মোড়ে হরতালবিরোধী সমাবেশ করে। থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা এসব সমাবেশে অংশ নেন।