চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল, ২৪ পিকেটার আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর শাখার আমির ও সাংসদ আ ন ম শামসুল ইসলামের জামিন বাতিলের প্রতিবাদে সংগঠনের ডাকা আধাবেলার হরতাল গতকাল বুধবার ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। নগরের বিভিন্ন এলাকা থেকে পুলিশ জামায়াত-শিবিরের ২৪ কর্মী-সমর্থককে আটক করেছে। দুই পিকেটারের কাছ থেকে পেট্রলবোমা ও সাংকেতিক ভাষায় লেখা দুটি বাজারের ফর্দ উদ্ধার করা হয়েছে। এদিকে, চান্দগাঁও থানার এএসআই রুহুল আমিনসহ চারজন পুলিশ সদস্য পিকেটারদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন। ছাত্রশিবির-অধ্যুষিত হিসেবে পরিচিত চট্টগ্রাম সরকারি কলেজের তিনটি আবাসিক হলে গতকাল বিকেলে চার শতাধিক পুলিশ তল্লাশি চালিয়েছে। পুলিশ বলেছে, হরতালের সময় নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। তারা চান্দগাঁও থানা এলাকা থেকে ১৩, পাঁচলাইশ থানা এলাকা থেকে আট, কোতোয়ালি থানা এলাকা থেকে দুই ও বাকলিয়া এলাকা থেকে একজনকে আটক করে। নগরের দু-একটি এলাকা ছাড়া প্রায় সব এলাকায় যান চলাচল ছিল স্বাভাবিক। নগরের বৌদ্ধমন্দির সড়কে সকালে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে পিকেটাররা। চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার (এসি) শরীফুল হাসান প্রথম আলোকে জানান, নগরের মুরাদপুরের এন মোহাম্মদ প্লাস্টিকের বিক্রয়কেন্দ্রের সামনের সড়কে একটি গাড়িতে পিকেটাররা পেট্রলবোমা ছুড়ে মারে। সেখান থেকে প্রথমে একজনকে এবং পরে আরও চারজনকে আটক করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (গোয়েন্দা) মনিরুজ্জামান অভিযান শেষে সাংবাদিকদের জানান, বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত চকবাজার এলাকায় অবস্থিত চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী ও শেরেবাংলা ছাত্রাবাস এবং চট্টেশ্বরী রোডে অবস্থিত সবুর ছাত্রাবাসে অভিযান চালানো হয়। ছাত্রশিবিরের কর্মীরা অবস্থান করছে এবং অস্ত্রশস্ত্র রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সোহরাওয়ার্দী হলের একটি কক্ষ থেকে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের কর্মীদের নামের তালিকাসংবলিত কয়েকটি ডায়েরি, একটি কম্পিউটার হার্ডডিস্ক, সভার কার্যবিবরণী এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ দলিল জব্দ করা হয়েছে। এই কক্ষটি কলেজ ছাত্রশিবিরের সভাপতি নুরুল আমিনের বলে জানা গেছে।এ ছাড়া তিন হলের বিভিন্ন কক্ষ থেকে ২৫টির মতো ক্রিকেটের স্ট্যাম্প, সাতটি হকিস্টিক ও বেশ কয়েকটি লাঠি উদ্ধার করা হয়। সাংকেতিক ভাষা ব্যবহারসকাল সাতটায় নগরের মুরাদপুর এলাকা থেকে কলেজ অব সায়েন্সের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ নাঈমকে পেট্রলবোমার বিস্ফোরণ ঘটানোর সময় হাতেনাতে পুলিশ আটক করে। তার কাছে দুটি বোমা ছাড়াও একটি বাজারের ফর্দ পাওয়া গেছে। মো. সাহাবউদ্দিন নামের আরও এক শিবিরকর্মী নগরের প্রবর্তক মোড়ে অনুরূপ একটি বাজারের ফর্দসহ আটক হন। দুটি ফর্দে চাল, তেল, পেঁয়াজ, রসুন, মসলা, তরকারিসহ বিভিন্ন পণ্যের নাম ও পরিমাণ উল্লেখ রয়েছে। এই ফর্দের মধ্যে তাদের সাংকেতিক ভাষা লেখা ছিল বলে পুলিশ কর্মকর্তাদের ধারণা। অর্থাৎ হরতালের সময়ে কে কখন কী দায়িত্ব পালন করবে, তা ফর্দের মধ্যে উল্লেখ রয়েছে। পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার (এসি) শেখ শরীফুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, বাজারের ফর্দের ওপরের দিকের পণ্যের নাম ব্যবহার হয়েছে সাংগঠনিক সাংকেতিক ভাষা হিসেবে। যেমন, সাত কেজি চাল বলতে সকাল সাতটার দিকে বোমার বিস্ফোরণ ঘটানোর নির্দেশনা ছিল। আলু তিন কেজি বলতে তিনজন একসঙ্গে অবস্থান নিয়ে বিস্ফোরণ ঘটাবে। আটক শিবিরকর্মী নাঈম জানায়, ‘মুরাদপুর এলাকায় পেট্রলবোমার বিস্ফোরণ ঘটানোর জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়। সকালে একটি প্রাইভেট কারে আমি বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করি। কিন্তু বোমাটি ফাটেনি। পুলিশ এসে আমাকে আটক করে। আমার সঙ্গে আরও দুই বড় ভাই পালিয়ে যান।’দুই বড় ভাইয়ের পরিচয় জানতে চাইলে নাঈম বলে, ‘একজন রায়হান এবং অন্যজন নজরুল। তাঁরা দুজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র।’ প্রবর্তক মোড়ে ফর্দ নিয়ে আটক সাহাবউদ্দিন বাজারের ফর্দ সম্পর্কে বলেছেন, ‘একটি দরবারের খাবারের আয়োজন করা হয়েছে। এ জন্য এই ফর্দ আমাকে দেওয়া হয়।’ গতকাল পাঁচলাইশ থানা ভবনে সাহাবউদ্দিনের ফর্দটি পর্যালোচনা করে দেখা যায়, অসামঞ্জস্য অনেক ভোগ্যপণ্যের নাম উল্লেখ রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে সাহাবউদ্দিন পাল্টা প্রশ্ন করে বলে, ‘আপনি কি রান্নাবান্না জানেন? ফর্দের প্রতিটি পণ্য প্রয়োজনীয়। এটা আমাদের হুজুর ভালো বলতে পারবেন।’ এসি শরীফুল ইসলাম বলেন, ‘দেশে জঙ্গি হামলার সময় গ্রেপ্তার হওয়া জঙ্গিদের কাছে আমরা এ রকম ফর্দ পেতাম। এটা আসলে বাজারে কেনাকাটা করার কোনো তালিকা নয়। এসব ছিল জঙ্গিদের সাংকেতিক ভাষা। শিবিরের কর্মীরাও এখন এসব সাংকেতিক ভাষা ব্যবহার করছে।’