চট্টগ্রামে তরুণকে হত্যা, পরে গণপিটুনিতে দুই সন্ত্রাসীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বড়পুল এলাকায় গত সোমবার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। নিহত ওই তরুণের নাম নুরুন্নবী (২২)। এর পরই বিক্ষুব্ধ জনতার পিটুনিতে দুই সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও তিন সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করেছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় সন্ত্রাসীরা নুরুন্নবীকে হত্যা করে বলে জানা গেছে।পুলিশ সূত্র জানায়, মো. আনোয়ার (২৮) নামের একজন গণপিটুনিতে ঘটনাস্থলে নিহত হন। তাঁর বিরুদ্ধে হালিশহর থানায় পাঁচটি মামলা রয়েছে। গণপিটুনিতে আহত তাঁর আরেক সহযোগী ইকবাল (২০) গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে হাসপাতালে মারা যান। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা তিনজন হলেন আলমগীর, লিটন ও সোহেল। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমশিনার (ডবলমুরিং জোন) এস এম তানভীর আরাফাত বলেন, সোমবার রাত দেড়টার দিকে গ্যারেজে রিকশা রাখা নিয়ে স্থানীয় আনোয়ার ও তাঁর সহযোগীরা এক রিকশাচালককে মারধর করেন। এ সময় তাঁরা রিকশাচালকের কাছ থেকে টাকা-পয়সা কেড়ে নেন। নুরুন্নবী এর প্রতিবাদ করতে গেলে আনোয়ার ও তাঁর সহযোগীরা তাঁকেও মারধর করেন। একপর্যায়ে তাঁদের ছুরিকাঘাতে ঘটনাস্থলে নুরুন্নবীর মৃত্যু হয়। পুলিশ জানায়, এ ঘটনা দেখে স্থানীয় জনতা জড়ো হয়ে সন্ত্রাসীদের ধাওয়া দিয়ে আটক করে। এ সময় জনতার পিটুনিতে আনোয়ার ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ আনোয়ারসহ আহত অন্যদের হাসপাতালে নিয়ে যায়। সেখানে গতকাল দুপুরে ইকবাল মারা যান।তানভীর আরাফাত বলেন, আনোয়ার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে হালিশহর এলাকায় ছিনতাই, চাঁদবাজিসহ নানা অভিযোগে মামলা রয়েছে।সহকারী পুলিশ কমিশনার বলেন, এ ঘটনায় হালিশহর থানায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে নুরুন্নবীর ভাই মো. আবদুল হক বাদী হয়ে নিহত দুই সন্ত্রাসীসহ পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এতে তিনি অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীরা তাঁর ভাইকে হত্যা করেছে। হালিশহর থানার পুলিশ বাদী হয়ে গণপিটুনির ঘটনায় অন্য মামলাটি করে।