চট্টগ্রামে তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের দুই দফা যাবজ্জীবন
অপহরণের পর তরুণীকে আটকে রেখে ধর্ষণের দায়ে এক যুবককে পৃথক দুটি ধারায় দোষী সাব্যস্ত করে দুই দফায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে বিচারক আসামিকে এক লাখ টাকা জরিমানা করেন। ওই আসামিকে একটির সাজা ভোগ করার পর আরেকটির সাজা ভোগ করতে হবে। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম গতকাল রোববার এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. নুরুল আমিন (২২)। ২০১০ সালের ২৪ অক্টোবর শহরতলির কর্ণফুলী থানার জুলধা থেকে এক তরুণীকে অপহরণ করেন নুরুল আমিন। পরে বন্দরটিলার একটি বাসায় আটকে রেখে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। ওই তরুণী তাঁর বড় ভাইয়ের সঙ্গে জুলধায় বেড়াতে গিয়েছিলেন। পথেই নুরুল আমিন মেয়েটিকে অপহরণ করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) চন্দন তালুকদার প্রথম আলোকে বলেন, অপহরণ ও ধর্ষণের ধারায় আনা দুটি অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। এ কারণে আসামিকে দুবার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আসামি নুরুল আমিন পর্যায়ক্রমে এই সাজা ভোগ করবেন। আদালত সূত্র জানায়, অপহরণের পরদিন ২০১০ সালের ২৫ অক্টোবর তরুণীর বড় ভাই বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি মামলা করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সহযোগিতায় ২৬ অক্টোবর পুলিশ নুরুল আমিনকে গ্রেপ্তার ও অপহূত তরুণীকে উদ্ধার করে। তদন্ত শেষে ২০১০ সালের ২১ নভেম্বর পুলিশ নূরুল আমিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০১১ সালের ১৫ মে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় এবং ৯(১) ধারায় অভিযোগ গঠন করেন আদালত। পরে ১১ জনের সাক্ষ্যের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেন। গতকাল আসামির উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন।