চট্টগ্রামে তালিকাভুক্ত সন্ত্রাসী মোস্তফা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং হত্যা ও অস্ত্র মামলার আসামি মোহাম্মদ মোস্তফা ওরফে সফিকে (৪০) আজ বুধবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের সদরঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে জানান, পাঁচ বছর আত্মগোপনে থাকার পর সফি সম্প্রতি চট্টগ্রামে ফিরে আসেন। এর আগে তিনি আরও কয়েক দফা গ্রেপ্তার হন। বিভিন্ন মেয়াদে মোট সাত থেকে আট বছর তিনি কারাগারে ছিলেন। সর্বশেষ ২০০৫ সালে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আগে জামিনে বেরিয়ে তিনি ঢাকায় আত্মগোপন করেন।গ্রেপ্তার হওয়া সফি ছাত্রলীগের কর্মী ইউসুফ এবং ফিরিঙ্গিবাজারের জনৈক নসু হত্যা মামলার আসামি। ২০০০ সালে নগরের কাজীর দেউড়ি এলাকায় ইউসুফকে গুলি করে হত্যা করা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা আছে।গ্রেপ্তার অভিযানের বর্ণনা দিয়ে উপপরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘সফি বড় মাপের সন্ত্রাসী। মাস দুয়েক আগে তিনি চট্টগ্রামে ফিরেই আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন। তাঁর কাছে আমেরিকার তৈরি একটি নাইন এমএম পিস্তল ও একটি বন্দুক আছে। আমরা অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা করছি।’সফি কাজীর দেউড়ি এলাকায় ছাত্রলীগের কর্মী ইউসুফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, ইউসুফও সন্ত্রাসী ছিলেন। আরেকটি অস্ত্র মামলায় তিনি একটানা সাড়ে তিন বছর কারাগারে ছিলেন। সর্বশেষ ২০০৫ সালে জামিনে ছাড়া পেয়ে তিনি ঢাকায় প্রাইভেট গাড়ি চালিয়েছেন বলে জানান।