চট্টগ্রামে তিন দিনব্যাপী বাঙালি সংস্কৃতি মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে তিন দিনব্যাপী বাঙালি সংস্কৃতি মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম ডিসি হিলে এ মেলা শুরু হয়। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘অবসর সাংস্কৃতিক গোষ্ঠী’ ষষ্ঠবারের মতো মেলার আয়োজন করে।বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ১২ জন বরেণ্য ব্যক্তি সম্মিলিতভাবে গতকাল বিকেলে মেলার উদ্বোধন করেন। এ সময় ঢোলবাদন ও জাতীয় সংগীত পরিবেশন করেন শিল্পীরা। পরে সংগঠন সংগীত ও বাঙালি সংস্কৃতি মেলা সংগীত পরিবেশ করেন অবসরের শিল্পীরা।উৎসবে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। শহীদজায়া মুশতারী শফির সভাপতিত্বে উৎসবে আরও বক্তব্য দেন মনিরুজ্জামান, রীতা দত্ত, প্রফুল্ল রঞ্জন সিংহ, সৃজন কান্তি পাল। মূল প্রবন্ধ পাঠ করেন সমীর ভট্টচার্য্য। উৎসবে কথাসাহিত্যিক শামসুল আলম সাঈদ ও কথাসাহিত্যিক হরিশংকর জলদাসকে ‘অবসর সাহিত্য পুরস্কার’ দেওয়া হয়। এ ছাড়া লোক গবেষক সেলিম জাহাঙ্গীরকে ‘আবদুল করিম সাহিত্য বিশারদ’, শিল্পী দম্পতি চন্দন দাশ ও মালবিকা দাশকে ‘সংগীতজ্ঞ মোহন লাল দাশ’, নাট্যজন অলোক কুমার দত্তকে ‘সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল এ খান’ পদক দেওয়া হয়। এ ছাড়া ‘অবসর সম্মাননা’ দেওয়া হয় হাজি সাহাব উদ্দিনকে।পরে বিভিন্ন শিল্পী চট্টগ্রামের আঞ্চলিক, মাইজভান্ডারি ও কবিগান পরিবেশন করেন। কাল শনিবার তিন দিনব্যাপী উৎসবের সমাপনী অনুষ্ঠান হবে।