চট্টগ্রামে তিন ফটোসাংবাদিককে পেটাল জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ভাঙচুরের অভিযোগে আটক বিএনপির এক কর্মীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার ছবি তুলতে গেলে পিটুনির শিকার হয় সাংবাদিকেরা। এতে প্রথম আলোর ফটোসাংবাদিকসহ তিনজন আহত হন। আজ রোববার বিকেলে নগরের কাজীর দেউড়ি মোড়ে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।এই তিন ফটোসাংবাদিক হলেন, ‘প্রথম আলো’র চট্টগ্রাম কার্যালয়ের সৌরভ দাশ, ‘বণিক বার্তা’র গোলাম আলী মর্তুজা, ও ‘আমাদের সময়’-এর এস এম তামান্না। দুর্বৃত্তরা ইট দিয়ে তামান্নার মাথা থেতলে দেয়। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেল সাড়ে পাঁচটায় হরতালের সমর্থনে বিএনপির একটি মিছিল বের হয়। মিছিলটি নগরের আসকার দীঘির পাড় এলাকা অতিক্রম করার সময় কর্ণফুলী টাওয়ারের নিচে রাখা বেসরকারি টিভি চ্যানেল ‘সময়’- এর একটি মাইক্রোবাস ভাঙচুর করে। স্থানীয় জনতা ও গণমাধ্যমের সাংবাদিকরা ধাওয়া করে শেখ রাসেল (৩০) নামের এক হামলাকারীকে আটক করে। রাসেল মাথায় হেলমেট ও হাতে দা নিয়ে হামলা গাড়ি ভাঙচুর করে। তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাসেলকে পায়ে হাঁটিয়ে কাজীর দেউড়ীর মোড়ের দিকে নিয়ে যাচ্ছিল পুলিশ। একই সময় নগরের আন্দরকিল্লা থেকে হরতালের সমর্থনে আরেকটি মিছিল বের করে হেফাজতে ইসলাম। ওই মিছিলে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতা-কর্মীরা ঢুকে পড়েন। মিছিলটি নগরের বিপণি বিতানসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউড়ী মোড়ে এসে পৌঁছেই বিএনপিকর্মী রাসেলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই ঘটনার ছবি তুলতে যান প্রথম আলোর ফটোসাংবাদিক সৌরভ। এসময় পেছন থেকে তাঁকে ইট ও লাঠি দিয়ে পিঠ ও পায়ে আঘাত করে জামায়াতের চিহ্নিত লোকজন। সৌরভ হেফাজতের কর্মীদের ভিড়ে মিশে গিয়ে আত্মরক্ষা করেন। ততক্ষণে হামলাকারীরা পুলিশের কাছ থেকে রাসেলকে ছিনিয়ে নিয়ে যায়। সৌরভের ওপর হামলার কিছুক্ষণের মধ্যেই কাজীর দেউড়ী মোড়ে ছাত্রলীগ সন্দেহে এক পথচারীকে মারধর করে হরতাল সমর্থকরা। এই ঘটনার ছবি তুলতে গেলে আবার সাংবাদিকদের ওপর হামলা চালায় মিছিলকারীরা। এসময় হামলাকারীরা ইট দিয়ে তামান্নার মাথা থেতলে দেয় এবং ভেঙে দেয় ক্যামেরা। এসময় আবার সৌরভ ও বণিক বার্তার গোলাম আলী মর্তুজার ওপর চড়াও হয় মিছিলকারীরা। তাঁরা দৌড়ে ঘটনাস্থল থেকে সরে যান। কোতোয়ালী অঞ্চলের সহকারি পুলিশ কমিশনার মির্জা সায়েম মাহমুদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, তিন সাংবাদিকের ওপর হামলাকারীরা হেফাজতে ইসলামের মিছিলে মিশে যায়। ওরা ভিন্ন রাজনৈতিক দলের কর্মী হতে পারে। আর ‘সময়’ টিভির গাড়ি ভাঙচুরকারী শেখ রাসেলকে আমরা এখনো ধরতে পারিনি।