চট্টগ্রামে তিন শিবির কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের চান্দগাঁও থানাধীন খাজা রোডের একটি মেসে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে কয়েক বোতল পেট্রল ও মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে উসকানিমূলক পোস্টার পাওয়া গেছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটক হওয়া কর্মীরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ও শিবিরের সাথি মঈনুল ইসলাম (২১), শিবিরের কর্মী মঞ্জুরুল আহসান ওরফে ফাহিম (২০) ও রবিউল আলাম (২০)।পুলিশ জানায়, শিবিরের কর্মীরা এই মেসে থেকে নাশকতার পরিকল্পনা করছিলেন। তাঁদের কাছ থেকে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে উসকানিমূলক পোস্টার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাঁদের কাছ থেকে সরকারবিরোধী পোস্টার ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক জানান, আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অভিযান চালানো হবে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।সিএমপির অতিরিক্ত উপকমিশনার মো. শহীদুল্লাহ প্রথম আলো ডটকমকে বলেন, আটককৃতরা নাশকতা সৃষ্টির চেষ্টা করছিলেন—তাঁদের কাছ থেকে এই ধরনের সরঞ্জাম পাওয়া গেছে।