চট্টগ্রামে তৈরি পোশাক চুরি, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর থানার পুলিশ ১৫ লাখ টাকা মূল্যের রপ্তানিযোগ্য তৈরি পোশাক চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার ও আজ রোববার সকালে চট্টগ্রাম শহর, নোয়াখালী ও ফেনীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আবদুল বাকের, মো. লোকমান ওরফে লোকমান ও মো. আমির। এঁদের মধ্যে বাকেরের বাড়ি ফেনীর দাগনভূঞায় এবং অন্য দুজনের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সৈয়দ আহসানুল ইসলাম প্রথম আলো অনলাইনকে বলেন, গ্রেপ্তার তিনজনই পেশাদার চোর চক্রের সদস্য। তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী কাভার্ড ভ্যান থেকে নিয়মিত মালামাল চুরি করেন। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল লোকমানকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ফেনী ও নোয়াখালী থেকে আমির ও বাকেরকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের গ্রেপ্তারের খবর পেয়ে সহযোগীরা চুরি করা পোশাক বন্দর থানা এলাকার নতুন রাস্তা নামক এলাকায় ফেলে যান। পরে পুলিশ আজ সকালে সেগুলো উদ্ধার করে। জানা যায়, উদ্ধার করা কাপড়ের বেশির ভাগই টি-শার্ট। গাজীপুরের বিভিন্ন কারখানায় এগুলো তৈরি করা হয়। এরপর রপ্তানির জন্য কাভার্ড ভ্যানে করে চট্টগ্রাম বন্দরে আনা হচ্ছিল। উদ্ধার করা কাপড়গুলো বর্তমানে চট্টগ্রাম বন্দর থানার জিম্মায় রয়েছে।