ওসির বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
চট্টগ্রামে থানা ঘেরাও, ১০ ঘণ্টা পর ব্যবসায়ী মুক্ত
চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জের একজন ব্যবসায়ীকে আটক করার প্রতিবাদে গতকাল শনিবার কোতোয়ালি থানা ঘেরাও করেছেন ব্যবসায়ী ও স্থানীয় লোকজন। ওই ব্যবসায়ীর কাছ থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের চাপে পড়ে বেলা ১১টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারের ১০ ঘণ্টা পর মুক্তি পাওয়া ওই ব্যবসায়ীর নাম মীর মোহাম্মদ হাসান (৩৬)। তিনি খাতুনগঞ্জের হোসাইন অ্যান্ড ব্রাদার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক।জানা গেছে, খাতুনগঞ্জের আরেক ব্যবসাপ্রতিষ্ঠান গোবিন্দ স্টোর্সের মালিক মৃদুল চৌধুরীর কাছে ৭৮ লাখ টাকা পায় হাসানের ব্যবসায়ী প্রতিষ্ঠান। টাকা পরিশোধ না করায় মৃদুলের ছেলে বিশ্বজিৎকে অন্যায়ভাবে হাসান তিন দিন আটকে রাখেন। এ ঘটনায় গত শুক্রবার রাতে বিশ্বজিতের মা মিনতি চৌধুরী কোতোয়ালি থানায় মামলা করেন। এতে হাসান, তাঁর ভাই হোসেনসহ তিনজনকে আসামি করা হয়। মামলা দায়েরের পর রাতেই বিশ্বজিৎকে ছেড়ে দেওয়া হয়। ওই রাতে হাসানকে ফোনে থানায় আসতে বলে পুলিশ। তিনি রাত একটার দিকে থানায় যান। এরপর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।হাসানের চাচাতো ভাই মোহাম্মদ হারুন প্রথম আলোর কাছে অভিযোগ করেন, কোতোয়ালি থানার ওসি মিডিয়ার ভয় দেখিয়ে হাসানকে থানায় যেতে বাধ্য করেন। এর আগে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা নেওয়া হয়। একপর্যায়ে ওসি ২০ লাখ টাকা ঘুষ দাবি করেন। নইলে অপহরণ মামলায় ফাঁসানোর হুমকি দেন তিনি।জানা গেছে, ব্যবসায়ীকে গ্রেপ্তারের খবর জানাজানির পর খাতুনগঞ্জের ক্ষুব্ধ ব্যবসায়ীরা থানা ঘেরাও করে ওসির অন্যায় কাজের প্রতিবাদ জানান। গতকাল সকাল সোয়া সাতটা থেকে ১০টা পর্যন্ত থানা ঘেরাও করে রাখেন তাঁরা। পরে ওসি আবুল কালাম আজাদ মুচলেকা নিয়ে হাসানকে ছেড়ে দেন।ওসি আবুল কালাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ব্যবসায়ী হাসানের কাছ থেকে ঘুষ দাবি করেছি কি না, তা আপনারা অনুসন্ধান করে দেখতে পারেন। তবে গোবিন্দ স্টোর্স থেকে হাসান টাকা পাওনা আছেন। ওই টাকা না পেয়ে তাঁরা বিশ্বজিৎকে তিন দিন ধরে আটকে রাখেন। একপর্যায়ে বিশ্বজিতের বাড়িতে হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, পাসপোর্ট ও খালি স্ট্যাম্পে জোর করে সই আদায় করেন, যা আইনবহির্ভূত কাজ। এ কারণে আমরা হাসানকে গ্রেপ্তার করি।’বিশ্বজিতের পরিবারের অভিযোগ, বকেয়া টাকা দিতে হাসানের কাছ থেকে ১৫ দিন সময় চাওয়া হয়েছে। অথচ তাঁরা অনুরোধ না শুনে টাকা আদায়ের জন্য গত ৩০ মার্চ সন্ধ্যা ছয়টা থেকে ১ এপ্রিল রাত পর্যন্ত বিশ্বজিতকে আটকে রাখেন। ৩১ মার্চ রাত ১১টায় বিশ্বজিতের বাসায় সন্ত্রাসী পাঠিয়ে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ পাঁচ লাখ টাকা, পাঁচটি পাসপোর্ট, একটি চেক বই লুট করে নেন।হাসানের পক্ষে গতকাল সকালে থানায় উপস্থিত ছিলেন খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, ভুয়া চেকের মাধ্যমে খাতুনগঞ্জে লেনদেন চলছে। হাসানও বাকিতে মালামাল বিক্রি করে এ ধরনের প্রতারণার শিকার হয়েছেন। অথচ পুলিশ উল্টো তাঁকে গ্রেপ্তার করে হয়রানি করছে। তিনি ব্যাংকে প্রত্যাখ্যাত চেকের মালিকের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানান।