চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত, আহত ১৫
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় গতকাল রোববার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। মাছের পোনা সংগ্রহের জায়গা দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ জানায়, সংঘর্ষে নিহত ব্যক্তিরা হলেন: মো. আবদুস সবুর (৪০) ও মো. মহিউদ্দিন (২৫)। সবুর প্রতিপক্ষের গুলিতে নিহত হন। অন্যদিকে মহিউদ্দিনকে জবাই করে হত্যা করা হয়। নিহত দুজনের বাড়ি হামিদচর এলাকায়। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বলিরহাটের ইউসুফ ও হামিদচরের ফোরকানের অনুসারী লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। কর্ণফুলীর তীরে মাছের পোনা সংগ্রহের জায়গার বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল। দুই পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা, দা-কিরিচ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে স্থানীয় লোকজন প্রাণভয়ে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। এ সময় মহিউদ্দিনের জবাই করা লাশ ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায়।আহত ব্যক্তিদের চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা হলেন: মো. ইউছুফ (৩৫), আবু তাহের (৪০), মো. বাবুল (১৮) ও আবু মিয়া (৬৫)। তাঁদের শরীরে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁদের মধ্যে প্রথম দুজন সবুরের আপন ভাই।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বলেন, ‘হাসপাতালে রাতে পাঁচজনকে আনা হয়েছে। তাঁদের মধ্যে চিকিৎসকেরা সবুর নামে একজনকে মৃত ঘোষণা করেন। তাঁদের শরীরে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।’ নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চান্দগাঁও থানার হামিদচর এলাকায় দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে দুজন নিহত এবং অন্তত ১০ জন আহত হন। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব রাত সাড়ে নয়টার দিকে বলেন, তিনি এখনো ঘটনাস্থলে আছেন। তিনি থানায় ফেরার পর মামলা করা হবে।