চট্টগ্রামে দুই মামলায় টিআইবির শীর্ষস্থানীয় ৩ কর্মকর্তার জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান, নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও সিনিয়র ফেলো মো. ওয়াহিদ আলম গতকাল রোববার চট্টগ্রামের দুটি আদালত থেকে জামিন পেয়েছেন। বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে দায়ের করা মানহানির মামলায় তাঁরা চট্টগ্রামের আদালতে হাজির হন। পৃথক শুনানির পর আদালত তাঁদের জামিন দেন।সম্প্রতি বিচার বিভাগের অনিয়ম নিয়ে পরিচালিত জরিপের ফল প্রকাশ করে টিআইবি। ওই জরিপের ভিত্তিতে গত ২৪ ডিসেম্বর বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিন প্রথম আলোয় ‘দুর্নীতির শীর্ষে বিচার বিভাগ’ শিরোনামে প্রধান প্রতিবেদন প্রকাশিত হয়। প্রথম আলোর ওই প্রতিবেদন সংযুক্ত করে গত ২৬ ডিসেম্বর চট্টগ্রামের আদালতে মানহানির মামলা করেন স্থানীয় দুই আইনজীবী।গতকাল বেলা ১১টার দিকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে হাজির হয়ে টিআইবির শীর্ষস্থানীয় তিন কর্মকর্তা জামিনের আবেদন করেন। শুনানির পর ১০ হাজার টাকা মুচলেকায় আইনজীবীর জিম্মায় তাঁদের জামিন দেন আদালত। কেশব রায়ের আদালতে আইনজীবী মোহাম্মদ মুজিবুল হক মামলা করেছিলেন।প্রায় ২৫ মিনিট পর বেলা সাড়ে ১১টার দিকে জ্যেষ্ঠ মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালতে আরেক মামলায় টিআইবির শীর্ষস্থানীয় ওই তিন কর্মকর্তা হাজির হয়ে জামিনের আবেদন করেন। এ আদালতে শুনানির একপর্যায়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে মৃদু উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশেষ করে এ আদালতের মামলার বাদী মোহাম্মদ মহিউদ্দিনের একটি বক্তব্যের কারণে উত্তেজনা দেখা দেয়।আদালত সূত্র জানায়, মহিউদ্দিন আদালতে টিআইবির তিন কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, ‘প্রতিবেদনে বলা হয়েছে, ৩৯ দশমিক ৭ শতাংশ মানুষ বিচরালয়ে গিয়ে আইনজীবীদের মাধ্যমে হয়রানির শিকার হয়। আজ উনারা আদালতে হাজিরা দিতে এসে অনুরূপ হয়রানির শিকার হয়েছেন কি না, তা প্রকাশ্যে বলতে হবে।’ তাঁর এ বক্তব্যে বাধা দেন বিবাদীর কৌঁসুলিরা। পরে আদালত তাঁদের ৫০০ টাকার মুচলেকায় আইনজীবীর জিম্মায় জামিন দেন।টিআইবির কৌঁসুলি রেহেনা কবির প্রথম আলোকে বলেন, টিআইবির শীর্ষস্থানীয় তিন কর্মকর্তার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা হয়েছে। উভয় আদালতে শুনানির পর বিচারকেরা তাঁদের জামিন দেন।জামিন পাওয়ার পর টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতে ন্যায় আচরণ পেয়েছি।’ তিনি বলেন, ‘জনস্বার্থে জনগণের কাছ থেকে তথ্য-উপাত্ত নিয়ে বিচারালয়-সংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশ করা হয়। কাউকে হেয় করার জন্য করা হয়নি। ভবিষ্যতেও আমরা এ ধরনের কাজ করব।’