চট্টগ্রামে দুই লাখ ৭০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আছদগঞ্জ এলাকায় একটি গুদাম থেকে দুই লাখ ৭০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় মাদক ব্যবসায়ীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ইয়াবার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা। বাংলাদেশে এটিই ধরা পড়া ইয়াবার সবচেয়ে বড় চালান বলে র‌্যাবের কর্মকর্তারা জানান।কর্মকর্তারা বলেছেন, র‌্যাব-১ ও র‌্যাব-৭-এর যৌথ দল চার দিন ধরে কক্সবাজারের টেকনাফ ও চট্টগ্রামে অবস্থান করার পর গতকাল শুক্রবার ভোরে চালানটি ধরতে সক্ষম হয়।গ্রেপ্তার হওয়া চার ব্যক্তি হলেন: আবদুর রশিদ (৬০), রশিদের শ্যালক আতাউল করিম এবং রশিদের দুই কর্মচারী সাব্বির আহমেদ ও মো. ইসমাইল। তাঁদের সবার বাড়ি টেকনাফে। রশিদ চট্টগ্রামের হালিশহরে নিজের বাড়িতে বসবাস করেন। তিনি ইয়াবা বড়ি দেশে পাইকারিভাবে ‘বাজারজাত’ করে আসছেন বলে র‌্যাবের কর্মকর্তারা জানান।যে গুদাম থেকে বড়িগুলো আটক করা হয়েছে, সেটির মালিক পটিয়ার সাংসদ সামসুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী নুরুন রশিদের বাবা আবদুল মালেক। নুরুন রশিদ বলেছেন, গ্রেপ্তার হওয়া আবদুর রশিদ তাঁদের গুদামটি ভাড়া নিয়ে ব্যবসা চালিয়ে আসছিলেন। তবে রশিদ যে মাদক ব্যবসায়ী, তা তাঁরা জানতেন না।র‌্যাব সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে বরই ও তেঁতুলের বস্তার ভেতরে বিশেষ কায়দায় ইয়াবার চালানটি টেকনাফ থেকে আছদগঞ্জে আবদুল মালেকের মালিকানাধীন গুদামে পৌঁছায়। র‌্যাব জানায়, রশিদ মিয়ানমার থেকে তেঁতুল ও বরই এনে চট্টগ্রামে পাইকারি বাজারে বিক্রি করে আসছিলেন। এই ব্যবসার আড়ালে গত মার্চে ইয়াবার আরেকটি বড় চালান এনে রশিদ বাজারজাত করেছেন। রশিদের প্রতিষ্ঠানের নাম এম কে ট্রেডিং।র‌্যাবের মিডিয়া উইংয়ের কমান্ডার এম সোহায়েল বলেন, তাঁরা চার দিন ধরে টেকনাফ ও চট্টগ্রামে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অনুসরণ করেছেন। বৃহস্পতিবার টেকনাফ থেকে তাঁদের বরইয়ের ট্রাকটি অনুসরণ করতে করতে চট্টগ্রামে পৌঁছার পর গতকাল ভোরে অভিযান শুরু করেন।আটক হওয়ার পর আবদুর রশিদ সাংবাদিকদের কাছে এ ব্যাপারে তাঁর সম্পৃক্ততা নেই বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমি এসবের কিছুই জানি না। আমাকে র‌্যাব সকালে বাসা থেকে ধরে এই গুদামে নিয়ে আসে।’ কিন্তু তাঁর শ্যালক আতাউল করিম ও কর্মচারী সাব্বির আহমেদ এসব ইয়াবা ও বরই রশিদের বলে জানান। তাঁর (রশিদ) তত্ত্বাবধানে আগেও ইয়াবা আনা হয় বলে তাঁরা জানান।আতাউল করিম বলেন, ‘মার্চের ২০ তারিখে একই কায়দায় আড়াই লাখ ইয়াবা আনা হয়। পরে এখান থেকে তা পাঁচ-ছয়জন পাইকারি বিক্রেতার কাছে চলে যায়। গতকালও রশিদের নির্দেশে আমি এবং সাব্বির গুদামে এসে “কে কে” লেখা প্যাকেটগুলো আলাদা করি।’বরই-তেঁতুলের আড়ালে ইয়াবা: সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার মিয়ানমার থেকে টেকনাফ হয়ে চট্টগ্রামে আসা বরই ও তেঁতুলের ১৭টি বস্তার মধ্যে ১৪টিতে ইয়াবা ছিল। এই ১৪ বস্তার ওপর ‘কে কে’ লেখা ছিল। এর মধ্যে খোলা তেঁতুল ও বরইয়ের সঙ্গে স্কচটেপ মোড়ানো কয়েকটি প্যাকেট ছিল। প্যাকেটের দুটি আবরণ খোলার পর নীল রঙের পলিথিনের ভেতরে ১০টি পৃথক প্যাকেট দেখা যায়। সরেজমিনে দেখা যায়, প্রতি প্যাকেটে ২০০টি করে ইয়াবা বড়ি ছিল। সব মিলিয়ে একটি বড় প্যাকেটে দুই হাজার বড়ি ছিল। নির্বাহী হাকিম নাজমুল ইসলাম সরকারের উপস্থিতিতে বড়িগুলো গণনা করা হয়।রশিদের কর্মচারী সাব্বির বলেন, ‘গাড়ি আসার পর রাতে আমাকে আছদগঞ্জের গুদামে পাঠানো হয়। তখন বলা হয়, “কে কে” লেখা বস্তাগুলো আলাদা করতে। আগেও একই কায়দায় ইয়াবা আনা হয়েছে।’র‌্যাব-৭-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. জিয়াউল আহসান বলেন, ‘মিয়ানমারের রোহিঙ্গা ও টেকনাফের কিছু লোক এই ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। এ রকম ১০-১২টি বড় সিন্ডিকেট রয়েছে। তারা ইয়াবা পরিবহন ও বাজারজাত করে আসছে।’এদিকে ইয়াবা উদ্ধারের পর আছদগঞ্জে সেখানকার ব্যবসায়ী ও আশপাশের মানুষের ভিড় জমে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, রশিদ মূলত মিয়ানমারের নাগরিক তথা রোহিঙ্গা। তিনি অনেক আগে থেকে মিয়ানমারের একটি সিন্ডিকেটের মাধ্যমে এই ব্যবসা চালিয়ে আসছেন।এদিকে সাংসদ সামসুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী নুরুন রশিদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘আব্বা কয়েক মাস আগে গুদামটি তাদের ভাড়া দিয়েছেন। বিষয়টা আব্বাই দেখেন। এখন র‌্যাব ওই ভাড়াটেদের গ্রেপ্তার করেছে। গুদাম ভাড়া নিয়ে তারা যে ইয়াবার ব্যবসা করছে, সেটা আমাদের জানা ছিল না। এতে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।’এদিকে ইয়াবা উদ্ধারের ঘটনায় নগরের কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ।