চট্টগ্রামে দুই শিশুসন্তানসহ মা খুন
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন খতিবের হাট এলাকার একটি বাড়ি থেকে পুলিশ দুই শিশুসন্তানসহ মায়ের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে পুলিশ লাশগুলো উদ্ধার করে।নিহতরা হলেন ডলি (৩০) এবং তাঁর ছেলে আলভি (১০) ও মেয়ে পায়েল (৫)। ডলির স্বামী আনোয়ার হোসেন মধ্যপ্রাচ্যের দেশ আবুধাবি-প্রবাসী বলে জানা গেছে। হত্যাকাণ্ডের খবর পেয়ে নগর পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পাঁচলাইশ অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মো. মনজুর মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘গতকাল সন্ধ্যায় এই তিন খুনের ঘটনা ঘটতে পারে বলে আমাদের ধারণা। হত্যাকারীরা দা ও ছুরি ব্যবহার করেছে, যা ডলির ক্ষতবিক্ষত লাশের পাশে পড়ে থাকতে দেখা গেছে।’মনজুর মোরশেদ আরও বলেন, গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ প্রতিবেশী এক ভদ্রলোক ডলি ও তাঁর দুই শিশুসন্তান হত্যাকাণ্ডের খবর পুলিশকে জানান। এরপর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সবাই ঘটনাস্থলে ছুটে যান। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্তের আগে বলা মুশকিল। পুলিশ সূত্র জানায়, নিহত ডলির শ্বশুরবাড়ি রাউজান এলাকায়। খতিবের হাটের পাঁচতলা বাড়ির পঞ্চম তলার এই ফ্ল্যাটে দুই শিশুসন্তান নিয়ে দুই বছর ধরে ডলি ভাড়া থাকতেন। সর্বশেষ এক বছর আগে তাঁর স্বামী আনোয়ার হোসেন বাংলাদেশে বেড়াতে আসেন। কিছুদিন আগে আনোয়ার আবার আবুধাবি চলে যান। ডলির শ্বশুরপক্ষের আত্মীয় অপু প্রথম আলোকে বলেন, ‘আমরা হত্যাকাণ্ডের কোনো কারণ খুঁজে পাচ্ছি না। কেন তাদের হত্যা করা হয়েছে, এই প্রশ্ন আমাদেরও। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ডলির চমৎকার সম্পর্ক ছিল। সে কারণে নিয়মিত যাতায়াতও ছিল।’