চট্টগ্রামে দোকানে অগ্নিকাণ্ডে জামায়াত জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়, স্টেশন রোড ও আমতলা এলাকায় গত দুই দিনে ৮০০ দোকান পুড়ে যাওয়ার ঘটনায় জামায়াতে ইসলামী জড়িত। সম্মিলিত হকার্স ফেডারেশন ও চট্টগ্রাম হকার ঐক্যপরিষদের নেতারা আজ শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। গত বুধবার রাতে বঙ্গবন্ধুর ঘাতকদের ফাঁসি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই তামাকুমন্ডি লেইন বণিক সমিতির নেতারা নারায়ে তাকবির স্লোগান দিয়ে অগ্নিসংযোগ শুরু করে এবং ধ্বংসযজ্ঞে মেতে ওঠে। তারা বেছে বেছে শুধু হকার্স লীগের সদস্যদের দোকানগুলোতেই আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেন তাঁরা।তাঁরা বলেন, গত বুধবার সন্ধ্যায় স্টেশন রোডে রিয়াজউদ্দিন বাজারের মুখে একজন ফল বিক্রেতার সঙ্গে রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সভাপতির গণ্ডগোল হলে ব্যবসায়ীরা আশপাশের হকারদের কয়েকটি দোকান ভাঙচুর করেন। তবে আধাঘণ্টার মধ্যে বিষয়টি মীমাংসা হয়ে যায়। কিন্তু ঘটনাস্থল থেকে অনেক দূরে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির নেতারা রাতে জরুরি বৈঠক ডেকে ব্যবসায়ীদের জড়ো করেন। এরপর সভাপতি মাহমুদুল হক চৌধুরীর নেতৃত্বে হকার্স লীগের দোকানগুলোতে আগুন লাগানো শুরু করেন তাঁরা। আগের দিন মাহমুদুল হক চৌধুরীর নেতৃত্বে ব্যবসায়ীরা লালদীঘি মাঠে মতিউর রহমান নিজামীর সমাবেশে হাজির হয়েছিলেন। হকার নেতারা বলেন, তাঁরা দুই দিনই নারায়ে তাকবির বলে স্লোগান দেন। হকার নেতারা আরও অভিযোগ করেন, আগে ব্যবসায়ীদের সঙ্গে হকারদের ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু উভয়পক্ষের নেতারা তা বসেই সমাধান করেন। কিন্তু বুধবার রাতে কোনো আলোচনা ছাড়াই তামাকুমন্ডি লেইন বণিক সমিতির ব্যবসায়ী নেতারা ধ্বংসযজ্ঞে মেতে ওঠেন। এ সময় তাঁরা পেট্রল বোমা ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করেন বলেও হকার নেতারা অভিযোগ করেন। হকার নেতারা আগুনে তিন কোটি টাকার পণ্যের ক্ষতি এবং দুই কোটি টাকার মালামাল লুটপাটের অভিযোগ করেন।