চট্টগ্রামে দোকানে ছাত্রলীগের ভাঙচুর, হকারদের বিক্ষোভ
চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় আজ শুক্রবার অন্তত ৩০টি অস্থায়ী দোকানে ভাঙচুর করেছে সিটি কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এর জের ধরে হকারদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হয়েছে।হকাররা সড়কের ওপর আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করলে নিউমার্কেট ও আশপাশের এলাকায় সন্ধ্যার পর প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম বলেছেন, সন্ধ্যা ছয়টার দিকে নিউমার্কেটের সামনে সিটি কলেজের দু-তিনজন ছাত্র একটি দোকানে প্যান্ট কিনতে যায়। এ সময় হকারদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা এক ছাত্রকে মারধর করে।প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, ছাত্রকে মারধর করার খবর পেয়ে কিছুক্ষণ পর ৩০-৪০ জন যুবক এসে নিউমার্কেট থেকে মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল পর্যন্ত অন্তত ২০টি দোকানে ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সদরঘাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নাজমুল আমিন প্রথম আলো অনলাইনকে জানান, প্রথম দফা ভাঙচুরের পর গুজব ছড়িয়ে পড়ে যে হকাররা একজন ছাত্রকে বেঁধে রাখে। এরপর সন্ধ্যা সাতটার দিকে কলেজের শ খানেক ছাত্র এসে দোকানগুলোয় আবার ভাঙচুর চালায়।হকাররা অভিযোগ করে, ছাত্ররা অনেক দোকান থেকে মালামাল নিয়ে রাস্তায় ছুড়ে ফেলে। কোনো কোনো দোকান থেকে তারা মালামাল লুটও করে। হকাররা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। এতে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নেজাম উদ্দিনসহ ১০ জন আহত হয়।একপর্যায়ে হকাররা ঐক্যবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে হকার্স মার্কেটের সামনে ও স্টেশন রোডে অবরোধ সৃষ্টি করে। তারা রাস্তায় আগুন জ্বালিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।অন্যদিকে সিটি কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরাও লাঠিসোঁটা নিয়ে সদরঘাট কালীবাড়ি সড়কে অবস্থান নেয়। তারাও স্লোগান দিতে থাকে। পরে কলেজের সামনে তারা সমাবেশ করে। দুই পক্ষের মাঝখানে এবং প্রতিটি সড়কমুখে পুলিশ অবস্থান নেয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় পাঁচ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়।চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, ‘আমাদের ৩০-৪০টি দোকান ভাঙচুর করা হয়েছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ধরনের ভাঙচুর অনাকাঙ্ক্ষিত।’ তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।এ ব্যাপারে বক্তব্য জানতে কলেজ ছাত্র সংসদের সহসভাপতি আবু তাহেরের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন রাত আটটার দিকে প্রথম আলো অনলাইনকে জানান, বিষয়টি সমাধানে রাতেই (আজই রাতে) ছাত্রলীগের নেতা-কর্মীদের বৈঠকে বসার কথা। প্রয়োজনে তাঁরা হকার নেতাদের সঙ্গেও বৈঠক করবেন বলে তিনি জানান।