চট্টগ্রামে ধর্ষণের দায়ে পাঁচ আসামির মৃত্যুদণ্ড
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে এক কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে সব আসামি পলাতক। আজ রোববার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। দণ্ডিত আসামিরা হলো বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল গ্রামের কবির আহমদের ছেলে রশিদ আহমেদ, মফজল আহমদের ছেলে মোহাম্মদ কেনু, রশিদ আহমদের ছেলে নাসির, আমির হামজার ছেলে কবির আহমেদ এবং ফজলুল কবিরের ছেলে নূরুল আবছার। আদালত সূত্র জানায়, ১৯৯৭ সালের ১১ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে আসামিরা এক প্রতিবেশীর বাড়ির দরজা ভেঙে ১৬ বছরের কিশোরীকে অপহরণ করে। এ সময় ওই কিশোরীর মাকে ঘরের খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে আসামিরা। এরপর তারা কিশোরীকে পাশের পাহাড়ে নিয়ে যায়। আদালত সূত্র আরও জানায়, অপহরণের পর কিশোরীর মায়ের চিত্কারে প্রতিবেশী লোকজন জড়ো হয়ে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পাশের পাহাড়ে আসামিদের অপহূত কিশোরীকে গণধর্ষণ করতে দেখেন স্থানীয় লোকজন। টর্চ বাতির আলো দেখে ধর্ষকেরা পাঁচজন পালিয়ে যায়, যাদের তাত্ক্ষণিকভাবে শনাক্ত করেন স্থানীয় লোকজন। পরে গুরুতর অবস্থায় কিশোরীকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে ১৯৯৭ সালের ১২ এপ্রিল বাঁশখালী থানায় একটি মামলা করেন। একই বছরের ১০ আগস্ট বাঁশখালী থানা পুলিশ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১৯৯৮ সালের ২৪ আগস্ট পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়। সাতজনের সাক্ষ্যের ভিত্তিতে আদালত আসামিদেরকে ১৯৯৫ সালের নারী নির্যাতন দমন বিশেষ আইনের ৬ (৩) ও ৯ (গ) ধারায় দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেন। এ ব্যাপারে জানতে চাইলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) চন্দন কুমার তালুকদার প্রথম আলো ডটকমকে বলেন, ‘আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সবাইকে মৃত্যুদণ্ড দেন আদালত।’