চট্টগ্রামে নজরুল ইনস্টিটিউটের শাখা স্থাপন করা হবে: তথ্যমন্ত্রী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অত্যন্ত প্রিয় শহর চট্টগ্রামে নজরুল ইনস্টিটিউটের একটি শাখা স্থাপন করা হবে বলে ঘোষণা দিয়েছেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ।আজ বুধবার সন্ধ্যায় নগরের নজরুল স্কয়ারে (ডিসি হিল) দুই দিনব্যাপী বিভাগীয় নজরুল সম্মেলনের উদ্বোধনকালে মন্ত্রী এ ঘোষণা দেন। তথ্যমন্ত্রী বলেন, নজরুলের সৃষ্টিকর্ম বিশেষ করে তাঁর বিদ্রোহী ও দেশপ্রেমের কবিতা এবং সংগীত ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশি জনগণের লড়াইয়ে অপরিমেয় উদ্দীপনা জুগিয়েছে। সমাজে শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় সব বয়সের মানুষকে উদ্দীপনা জোগাতে জাতীয় কবির আদর্শ ও চেতনা আমাদের প্রধান উত্স।নজরুলের জীবন ও কর্মের বিষয় তুলে ধরে মন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মহান কবিকে দেশে নিয়ে আসেন। নজরুলের কবিতা ও গান ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর নিপীড়ন, বৈষম্য, অবিচার ও ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের অভিন্ন প্রেরণার উত্স।’নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে এই সম্মেলনে সুরাইয়া বেগম, বেগম খিলখিল কাজী, মাহবুবুল হক, হাসিনা জাকারিয়া ও সিরাজুল হক খান উপস্থিত ছিলেন।—বাসস।