একশ্রেণীর কর্মচারী ও ঠিকাদারের পকেট ভারী
চট্টগ্রামে নতুন গ্যাস সংযোগ দেওয়া হয়েছে ৩০ হাজার!
সরকার নতুন গ্যাস সংযোগ বন্ধ ঘোষণা করার পর চট্টগ্রাম মহানগর ও এর আশপাশের উপজেলাগুলোতে প্রায় ৩০ হাজার নতুন সংযোগ দেওয়া হয়েছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) একশ্রেণীর কর্মচারী ও কিছু ঠিকাদার এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলে অভিযোগ রয়েছে।কোম্পানির কিছু কর্মকর্তাও এর পেছনে আছেন বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে। এঁদের সবার যোগসাজশে অর্থের বিনিময়ে অবৈধভাবে সংযোগগুলো দেওয়া হয়েছে। সংযোগ দেওয়া এখনো চলছে।মহানগর ও আশপাশের উপজেলাগুলোতে দেওয়া নতুন সংযোগ কতগুলো, তার পরিসংখ্যান কেজিডিসিএলে নেই। তবে কোম্পানির নাম প্রকাশে অনিচ্ছুক একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কোথায় কতগুলো অবৈধ সংযোগ আছে, তা ঠিকাদার ও কর্মচারীরা ঠিকই জানেন।ঠিকাদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ রকম সংযোগের সংখ্যা ৩০ হাজারের কম নয়।উপজেলা এলাকায় ঠিকাদারেরা অনেকটা প্রকাশ্যেই গ্যাস সংযোগ দেন। হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া ও সীতাকুণ্ডে সংযোগ দেওয়া হয়েছে সবচেয়ে বেশি।নগরের লালখান বাজার পশ্চিম হাইলেভেল সড়কের ৩৫৬ নম্বর বাড়িতে চারটি ফ্ল্যাট। বাড়ির মালিকের তথ্য অনুযায়ী, সব কটিতেই গ্যাস সংযোগ দিয়েছেন কেজিডিসিএলের বিক্রয় সহকারী এম মাকসুদুর রহমান ওরফে হাসনু।মালিক দিদারুল আলম বলেন, ‘গ্যাস সংযোগের জন্য হাসনুর সঙ্গে সব লেনদেন হয়েছে। মাসিক বিলের টাকাও তিনিই নিচ্ছেন।’মাকসুদুর রহমানের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, ‘তাতে আপনার কী সমস্যা?’মাকসুদুর রহমান নগর আবাসিক এলাকার এ ব্লকের ২ নম্বর সড়কের ৪২ নম্বর বাড়িতে আটটি সংযোগ দিয়েছেন। একই আবাসিক এলাকার জিএম ম্যানশনে সংযোগ দেওয়ার জন্য তিনি চার লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ আছে। মেয়র গলির ব্যাংক কর্মকর্তা আসিফ ইকবালের বাড়িতেও সংযোগ দিয়েছেন তিনি।এ সম্পর্কে মাকসুদুর রহমান বলেন, ‘চার লাখ টাকা নেওয়ার কথা সত্যি নয়। ব্যাংক কর্মকর্তার বাসায় যে সংযোগ দেওয়া হয়েছে, তা আগের বৈধ লাইন। সেটি কেবল ৩০ ফুট সরিয়ে আনা হয়েছে।’কেজিডিসিএলের রাজস্ব সহকারী মোহাম্মদ সেলিম উদ্দিন পটিয়া উপজেলার ইন্দরপুল এলাকায় বাগদাদ সল্ট নামের একটি লবণের কারখানায় সংযোগ দিয়েছিলেন বলে অভিযোগ আছে। গত ৩১ জুলাই বিশেষ ভ্রাম্যমাণ আদালত ওই সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে জরিমানা আদায়ের পর পুনঃসংযোগ দিতে সেলিমই সবচেয়ে বেশি তদবির করেন বলে জানা গেছে।অভিযোগ প্রসঙ্গে সেলিম উদ্দিন বলেন, ‘এসব অভিযোগ পুরোপুরি মিথ্যা। আমি শ্রমিক সংগঠন করি। সেখানে আমার প্রতিপক্ষ এসব কথা বলছে।’গত ৩১ জুলাই নগরের চান্দগাঁও মৌলভী পুকুরপাড়ের কাছে এইচএন অটোমোবাইল নামের একটি সিএনজি স্টেশনের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে কেজিডিসিএল। ২০১১ সালের ৪ অক্টোবর নগরের স্টেশন রোডে রেস্টহাউস হোটেলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পুনঃসংযোগ দেওয়া হয় গত ২৯ জুলাই। অভিযোগ রয়েছে, কেজিডিসিএলের বিক্রয় সহকারী শরিফুল ইসলাম এ সংযোগ দেন। পুনঃসংযোগ দিতেও তিনি জোর তদবির করেন।কর্মচারীদের যোগসাজশে এভাবে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া সম্পর্কে কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক জামিল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা বিভিন্ন স্থানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করছি। এসব সংযোগের সঙ্গে কারা জড়িত, তা-ও অনুসন্ধান করছি। কোম্পানির কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার প্রথম আলোকে বলেন, কেজিডিসিএলের কিছু কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় ঠিকাদারেরা আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অননুমোদিত সংযোগ দিয়ে চলেছেন।অনেক কর্মচারী ও ঠিকাদার নগরে নতুন ভবন নির্মাণ হতে দেখলেই দালাল পাঠিয়ে গ্যাস সংযোগ দেওয়ার প্রস্তাব দেন। সংযোগের জন্য আবেদনকারীদের ঠিকানায়ও যোগাযোগ করেন তাঁরা।বহদ্দারহাট খাজা সড়কের জীবনমিস্ত্রি বাড়ির ব্যবসায়ী আবদুল হামিদ এ রকম প্রস্তাব পাওয়া একজন। তিনি বলেন, ‘ছয়তলা ভবন নির্মাণের পর গ্যাস সংযোগের জন্য আবেদন করি। টাকাও জমা দিই। এরই মধ্যে কেজিডিসিএলের এক কর্মচারী এসে আমার বাসায় সংযোগ দেওয়ার প্রস্তাব দেন। তিনি প্রতি চুলার জন্য ৩০ হাজার টাকা এবং মাসিক বিল হিসেবে ৫০০ টাকা করে দাবি করেন।’ব্যবসায়ী আবদুল হামিদ বলেন, ওই কর্মচারী তাঁকে আশ্বাস দেন, ম্যাজিস্ট্রেট সংযোগ বিচ্ছিন্ন করে দিলেও এক ঘণ্টার মধ্যে কোম্পানির লোক এসে পুনঃসংযোগ দেবে।