চট্টগ্রামে নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩
এক নারীকে ধর্ষণের ঘটনায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে দুজনকে ও গতকাল শনিবার রাতে একজনকে ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন—সাহাবুদ্দিন, শাহাবুদ্দিন ও ইলিয়াছ। তাঁদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে বলে পুলিশ জানিয়েছে। গতকাল শনিবার রাতে ফটিকছড়ির ভুজপুরে একটি চা-বাগানে নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন ওই তিন যুবক। জিজ্ঞাসাবাদে অটোরিকশাচালক তাঁর দুই বন্ধুকে নিয়ে নারীটিকে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন। পুলিশ সূত্র জানায়, চল্লিশোর্ধ্ব ওই নারী নোয়াখালী থেকে মাইজভান্ডার শরিফের ওরসে যোগ দেন। গতকাল রাতে শহরে যাওয়ার উদ্দেশ্যে তিনি ভাড়ায় চলা একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। মাইজভান্ডার থেকে আসার পথে অটোরিকশার দুই যাত্রী নেমে যান। এ সময় গাড়িতে চালক সাহাবুদ্দিন ও তাঁর সহকারী ছিলেন। তাঁরা অটোরিকশাটি ঘুরিয়ে ভুজপুর এলাকার একটি চা-বাগানের সামনে নিয়ে যান। সেখানে তাঁদের সঙ্গে আরও একজন গিয়ে ওই নারীকে ধর্ষণ করেন। ওই নারী রাতেই স্থানীয় লোকজনকে ঘটনাটি জানান। তাৎক্ষণিকভাবে এক ধর্ষককে আটক করে পুলিশে দেওয়া হয়। আজ তাঁর সহযোগী আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী প্রথম আলো ডটকমকে বলেন, ‘ওই নারী থানায় একটি মামলা করেছেন। জিজ্ঞাসাবাদে অটোরিকশার চালক তাঁর দুই বন্ধুকে নিয়ে নারীটিকে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন।’