পরীক্ষার তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা আজ শনিবার সকালে বিক্ষোভ করেছেন। এ সময় প্রায় এক ঘণ্টা তাঁরা কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের অবরোধ করে রাখেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে কলেজের বিএসসি ইন নার্সিং ২০০৮-০৯ বর্ষের ছাত্রছাত্রীরা তাঁদের প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠানের দাবিতে অধ্যক্ষ ও প্রশাসনিক কক্ষে তালা দেন। তাঁরা কক্ষের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে আরও দুই বর্ষের শিক্ষার্থীরা যোগ দেন। শিক্ষার্থীরা সেশনজট নিরসন, পরীক্ষার তারিখ ঘোষণা, দক্ষ শিক্ষক নিয়োগ ও পর্যাপ্ত সরঞ্জাম দেওয়ার দাবি জানান। শিক্ষার্থীরা আট মাসের সেশনজটে পিছিয়ে পড়েছেন বলে জানান। শিক্ষার্থীদের তালা দেওয়ার কারণে প্রশাসনিক কক্ষে অধ্যক্ষসহ শিক্ষকেরা আটকা পড়েন। পরে বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সরোজ কুমার বড়ুয়া ও হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় তাঁরা কক্ষের তালা খুলে দেন। সেই সঙ্গে তাঁদের দাবি-দাওয়াসংবলিত একটি আবেদনপত্র কলেজ কর্তৃপক্ষকে দেন। পরে বিভিন্ন দাবিতে কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের বাগিবতণ্ডা শুরু হয়। কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে ২০ সেপ্টেম্বর পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। বেলা সোয়া একটার দিকে শিক্ষার্থীরা চলে যান।সেশনজটের কথা স্বীকার করে কলেজ অধ্যক্ষ ঝিনু রানী দাশ বলেন, ‘পরীক্ষা নেওয়ার বিষয়টি আমাদের নয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখতিয়ারাধীন। আমরা বিষয়টি তাদের জানিয়েছি। তারা ২০ সেপ্টেম্বর সম্ভাব্য একটি তারিখ দিতে বলেছে।