চট্টগ্রামে নিহত ছাত্রকে ‘মোহায়মেন’ ভেবে ভুল করেছিল শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্রকে মোহায়মেন বলে ভুল করেছিল জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির। নিহত ছাত্রকে মোহায়মেন মনে করে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মিছিলও করে। পরে জানতে পারে নিহতের নাম মহিউদ্দিন। এখন তাঁকেও সংগঠনের কর্মী বলে দাবি করছে শিবির। চাঁপাইনবাবগঞ্জে নিহত শিবির কর্মীকে পুলিশ গুলি করে হত্যা করেছে বলেও দাবি করেছে তারা।আজ শুক্রবার সকালে রাজধানীতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিবিরের সভাপতি রেজাউল করিম এই দাবি করেন। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চট্টগ্রামে যে মহিউদ্দিনকে হত্যা করা হয়েছে, সে আমাদের কর্মী। আমরা প্রথমে কনফিউজ (বিভ্রান্ত) ছিলাম। তারা মোহায়মেনকেও কিডন্যাপ (অপহরণ) করেছিল। আমরা মনে করেছিলাম মোহায়মেন নিহত হয়েছে।’সংবাদ সম্মেলনে জানানো হয়, গত সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যা এবং আরও সংঘর্ষের ঘটনা তদন্তে ছাত্রশিবির তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। তদন্তে কেউ দোষী প্রমাণ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে কমিটির সদস্য কারা, সে বিষয়ে কিছুই জানাতে রাজি হননি শিবির সভাপতি। পৃথিবীর কোথায় তদন্ত কমিটির সদস্যের নাম প্রকাশ করা হয় না?—জানতে চাইলে তিনি বলেন, ‘এটি ব্যতিক্রম বলতে পারেন। তবে এটা পৃথিবীর শ্রেষ্ঠ তদন্ত কমিটি হবে।’ লিখিত বক্তব্যে শিবিরের সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী ফারুক দলীয় কোন্দলের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন দাবি করে বলেন, ‘হল দখলের খায়েশ পূরণ করতে নিজ দলীয় কর্মী ফারুক হোসেনকে হত্যা করে তার দায়ভার শিবিরের ওপর চাপিয়ে দিয়েছে।’একদিকে বলছেন সাংগঠনিক তদন্তে দোষী প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, অন্যদিকে বলছেন ফারুক হোসেন দলীয় কোন্দলে প্রাণ হারিয়েছেন। তাহলে তো তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা থেকে যায়’—এই মন্তব্যের জবাবে শিবিরের সভাপতি বলেন, ‘লাশটা কে ম্যানহোলে রাখল, ছাত্রশিবিরকে কীভাবে দোষী করল। সেদিন তো শুধু হত্যার ঘটনা ঘটেনি, আরও অনেক ঘটনা ঘটেছে, গ্রেপ্তার হয়েছে। কমিটি দেখবে কোথাও বাড়াবাড়ি হয়েছে কি না।’ওই দিন ছাত্রলীগ কর্মীদের রগ কেটে দেওয়ার বিষয়ে জানতে চাইলে শিবিরের সভাপতি বলেন, ‘আমরা রগ কাটিনি।’ ‘যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁরা হামলাকারীদের নাম উল্লেখ করে বলেছেন শিবির কর্মীরা তাঁদের রগ কেটেছে’—এই মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্র কখন কারও বিরুদ্ধে অবস্থান নেয়, তখন এই ধরনের ঘটনা ঘটতে পারে।’যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি অন্য খাতে প্রবাহিত করতেই শিবির সম্প্রতি পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসী ঘটনা ঘটাচ্ছে কি না—জানতে চাইলে শিবির সভাপতি বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার অন্য বিষয়। আমরা এখানে যারা আছি, তারা কেউ যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত নই।’অন্য এক প্রশ্নের জবাবে রেজাউল করিম বলেন, ‘কোন মন্ত্রী কী বলেছেন, তা বিবেচ্য বিষয় নয়। আমি ব্যক্তি অপরাধী হতে পারি, কিন্তু সংগঠন অপরাধী হতে পারে না। একটি ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে ফেলবেন—এটা কেমন কথা?’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ সম্প্রতি বলেছেন, ছাত্রলীগের মধ্যে শিবির কর্মী ঢুকেছে। শিবিরের এ ধরনের কোনো কৌশল আছে কি না—জানতে চাইলে সংগঠনের সভাপতি বলেন, ‘সৈয়দ আশরাফের কথা শুনে আমরা হেসেছি। তিনি কী দল পরিচালনা করেন যে তাঁর দলে অন্য দল থেকে লোক ঢুকে?’ এরপর সাংবাদিকেরা আবারও জানতে চান, শিবিরের এমন কৌশল আছে কি না—জবাবে তিনি বলেন, ‘আমি সব কৌশল বলার জন্য তো সংবাদ সম্মেলন করিনি।’শিবিরকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করার বিষয়ে একজন মন্ত্রীর বক্তব্যের জবাবে শিবিরের সভাপতি বলেন, ‘ছাত্রলীগকে কয়েকবার নিষিদ্ধ করা উচিত। বাংলাদেশে সবচেয়ে বড় জঙ্গি সংগঠন হচ্ছে ছাত্রলীগ।’