চট্টগ্রামে নৌকাডুবিতে পাঁচজনের মৃত্যু
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকায় নৌকাডুবিতে পাঁচজন মৃত্যু হয়েছে। এছাড়া আরও চারজন নিখোঁজ রয়েছেন বলে জানায় পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা সোয়া একটার দিকে রায়খালী খালের ঘাটকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ও নিহতরা সবাই এফএমসি নামের স্থানীয় একটি জাহাজ নির্মাণ ও মেরামত কারখানার (ডকইয়ার্ড) শ্রমিক বলে জানা যায়। নিহতরা হলেন মো. ইমরান আহমেদ (২৬), মোহাম্মদ মাসুদ (২১), মো. নয়ন (৩৫), আবুল কাশেম (৫০) ও রহমত আলী (২২)। তাদের মধ্যে প্রথম চারজন ঘটনাস্থলেই মারা যান। রহমত আলী মারা যান স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে। নিহতদের মধ্যে আবুল কাশেম ও রহমত আলীর বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীতে। ইমরানের বাড়ি খুলশীর মুরগির ফার্ম এলাকায়। নয়ন ও মাসুদের বাড়ি নেত্রকোনা জেলায়। কারখানার কর্মকর্তা ও শ্রমিকরা জানান, দুপুরের দিকে শ্রমিকরা মেসে খাবার খাওয়ার জন্য খালপাড়ে আসেন। এসময় সেখানে বাধা একটি ইঞ্জিনচালিত নৌকা ওঠে পড়েন তারা। প্রত্যক্ষদর্শীর মতে, প্রায় ৩৫ ফুট দীর্ঘ ও ছয় ফুট প্রস্থ নৌকাটিতে ৪০/৫০ জন শ্রমিক ওঠেন। এ সময় জোয়ারের কারণে খাল পানিতে পরিপূর্ণ ছিল। কারখানার নিরাপত্তাকর্মী মোহাম্মদ আলমগীর প্রথম আলোকে বলেন, শ্রমিকরা তাড়াহুড়ো করে নৌকাটির একপাশে ওঠে পড়েন। ওই অবস্থায় নৌকাটি একপাশে কাত হয়ে এক পর্যায়ে উল্টে যায়। এ ব্যাপারে এফএমসি ডকইয়ার্ডের তত্ত্বাবধায়ক হামিদুল ইসলাম বলেন, নৌকায় অতিরিক্ত যাত্রী ছিল না। তিনি বলেন, ইঞ্জিনচালিত এ নৌকাটি দিয়ে শহর ও ডকইয়ার্ডের মধ্যে পাঁচ থেকে ছয়জন কর্মকর্তা যাওয়া আসা করেন। আজ (বৃহস্পতিবার) দুপুরে শ্রমিকরা মেসে খাবার খেতে খালের ওপারে যাওয়ার জন্য নৌকাটিতে ওঠেন।বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক বলেন, অতিরিক্ত যাত্রী বোঝাই ও খালে স্রোত থাকায় নৌকাটি ডুবে যায়। স্থানীয় ডুবুরি দিয়ে তল্লাশি চালিয়ে তিনটি লাশ উদ্ধার করা হয়। পরে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা নৌকার পাশ কেটে আরও একজনের মৃতদেহ উদ্ধার করেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানান তিনি।এদিকে আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।