নতুন ভাড়া কার্যকর আজ থেকে
চট্টগ্রামে ন্যূনতম বাসভাড়া দুই বা তিন টাকা থেকে বেড়ে ৫ টাকা
চট্টগ্রাম নগরে চলাচলকারী গণপরিবহনের ন্যূনতম ভাড়া এক লাফে ৬৬ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। আগে ন্যূনতম ভাড়া ছিল দুই টাকা বা তিন টাকা, কিন্তু এখন তা পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে। বাসভাড়া-সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারির পর আজ শুক্রবার থেকে বাসমালিকেরা নতুন হারে ভাড়া আদায় করবেন। গত বুধবার এই প্রজ্ঞাপন জারি করা হয়।নগরের ১২টি রুটে চলাচলকারী বাস-মিনিবাসের মালিকদের চারটি সংগঠনের নেতারা গতকাল বৃহস্পতিবার দুপুরে মহানগর পুলিশের উপকমিশনার (যানবাহন) ফারুক আহমদের সঙ্গে বৈঠক করে নতুন হারে ভাড়া আদায়ের সিদ্ধান্ত জানান। উপকমিশনারের (যানবাহন) কার্যালয়ে এ বৈঠক হয়। নতুন ভাড়া আদায়কালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য পুলিশের সহায়তা চান বাসমালিকেরা। গোলযোগের সম্ভাব্য স্থানগুলোতে আজ অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা যায়।সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বলা হয়, সরকার কেন্দ্রীয়ভাবে বাস ও মিনিবাসের জন্য ন্যূনতম ভাড়া নির্ধারণ করেছে যথাক্রমে সাত ও পাঁচ টাকা। কিন্তু চট্টগ্রামে বাস-মিনিবাস উভয়ের ক্ষেত্রে ন্যূনতম ভাড়া হবে পাঁচ টাকা।এদিকে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ নামের পরিবহন মালিক-শ্রমিকদের অন্য একটি সংগঠন গতকালই ন্যূনতম ভাড়া পাঁচ টাকা আদায় করে। দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভাড়া কার্যকরের এই ঘোষণা দেওয়া হয়। এ সময় মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা আজ (বৃহস্পতিবার) থেকে ওই ভাড়া কার্যকরের আনুষ্ঠানিক ঘোষণা করছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে ন্যূনতম ভাড়া ছিল তিন টাকা। ক্ষেত্রবিশেষে তা দুই টাকাও নেওয়া হতো।সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন ন্যূনতম (ওঠা) ভাড়া পাঁচ টাকা ছাড়াও প্রতি কিলোমিটারে মিনিবাসের ভাড়া এক টাকা ৪৫ পয়সা ও বাসের ভাড়া প্রতি কিলোমিটারে এক টাকা ৫৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।চট্টলা বাস মিনিবাস হিউম্যান হলার পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল বলেন, ‘সরকারি গেজেটে ন্যূনতম ভাড়া পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে। আমরা সেটা নেওয়ার চেষ্টা করছি। ২০০৮ সালেও ন্যূনতম ভাড়া পাঁচ টাকা ছিল। তখন আমরা তা নিইনি।’যাত্রীদের অসন্তোষ: ১৫০ শতাংশ পর্যন্ত ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ জানিয়েছেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, জ্বালানি তেল ও সিএনজির মূল্যবৃদ্ধির পর থেকেই বাসচালকেরা বেশি ভাড়া আদায়ের চেষ্টা করছেন। প্রজ্ঞাপন জারির পর বাসশ্রমিকেরা ভাড়া আদায়ে জোরাজুরি শুরু করেছেন। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে যাত্রীদের কথা-কাটাকাটি ও বাগিবতণ্ডা হচ্ছে। কয়েক জায়গায় হাতাহাতিও হয়েছে।এমইএস কলেজের ছাত্র নজরুল ইসলাম অভিযোগ করেন, ইস্পাহানি মোড় থেকে জিইসি মোড় পর্যন্ত আগে দুই টাকা নেওয়া হলেও গতকাল নেওয়া হয় পাঁচ টাকা। তিনি বলেন, ‘আমি এর প্রতিবাদ করি। এ নিয়ে আরও কয়েকজন যাত্রীর সঙ্গে বাসের কন্ডাক্টরের তর্ক হয়। শেষে পাঁচ টাকাই দিতে হয়েছে।’বাবুল নামের ১০ নম্বর রুটের এক বাসচালক বলেন, ‘এখনো যাত্রীরা পাঁচ টাকা দিতে চাচ্ছে না। তাই আমরা যা পাই, তা নিচ্ছি।’জালাল উদ্দিন নামের বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা দুপুরে জিইসি মোড়ে দাঁড়িয়ে বলেন, ‘সরকার এমন সিদ্ধান্ত কীভাবে নিল? ঢাকা আর চট্টগ্রামে তো এক ভাড়া হতে পারে না। দুই টাকা থেকে পাঁচ টাকা বৃদ্ধিতে খেটে খাওয়া মানুষ তো সমস্যায় পড়বে। সরকার তো বলেছে আসন অনুযায়ী যাত্রী নিয়ে পাঁচ টাকা ভাড়া নিতে। তারা তো আসন অনুযায়ী যাত্রী নেয় না।’অভিযোগ প্রসঙ্গে মালিক গ্রুপের আবুল কালাম আজাদ বলেন, আসন অনুযায়ী যাত্রী নেওয়াটা যাত্রীদের কারণেই সম্ভব হয় না।যাত্রীদের অভিযোগ, জিইসি মোড়ে যাত্রীদের অভিযোগ জানানোর জন্য পুলিশের একটি অভিযোগকেন্দ্র থাকলেও তা এখন কার্যকর নেই।