চট্টগ্রামে পরিবহন মালিকদের একাংশের ধর্মঘট
সরকার-নির্ধারিত ভাড়া কার্যকর করার দাবিতে নগর পরিবহন মালিক সমিতির একাংশ কাল সোমবার থেকে ৪৮ ঘণ্টার জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার সন্ধ্যায় বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মালিক সমিতির অন্য অংশটি বাস চলাচল বন্ধ রাখার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি।পরিবহন মালিক সংগঠনের সূত্র জানায়, চট্টগ্রামে প্রতি কিলোমিটারে এক টাকা ২০ পয়সা হারে ভাড়া নেওয়া হয়। আর বাসে ওঠানামায় ভাড়া তিন টাকা। ওঠানামার মধ্যে একজন যাত্রী সর্বোচ্চ তিন কিলোমিটার পথ পর্যন্ত যেতে পারে। অথচ জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সরকার বাসভাড়াও নির্ধারণ করে দিয়েছে, যা প্রতি কিলোমিটারে এক টাকা ৬০ পয়সা। আর গাড়িতে ওঠানামার ভাড়া পাঁচ টাকা।বাস চলাচল ৪৮ ঘণ্টা বন্ধ রাখার কথা উল্লেখ করে পরিবহন মালিক সংগঠনগুলোর উপদেষ্টা আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘আমরা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করতে চাই না। জ্বালানি তেলের দাম বেড়েছে। সরকার বাসভাড়াও নির্ধারণ করে দিয়েছে। আমরা সরকার-নির্ধারিত ভাড়া কার্যকরের দাবিতে ৪৮ ঘণ্টা বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’যানবাহন শাখার উপকমিশনার ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, পরিবহন মালিক সংগঠনের একাংশ গাড়ি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অন্য অংশটি চালাবে বলে আমাদের জানিয়েছে। পরিবহন মালিক সংগঠনের অন্য অংশ তথা বাস মিনিবাস হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি এস এম তৈয়ব প্রথম আলোকে বলেন, ‘আমরা দুপুরে (রোববার) সভা করেছিলাম। বেশির ভাগ মালিক বাস বন্ধ রাখার পক্ষে মত দেন। তবে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি। আজ রোববার দু-একটি ভাঙচুর হওয়ায় কাল সোমবার বেশি হারে বাস না-নামার আশঙ্কা বেশি। কারণ চালকেরা আতঙ্কে আছে।’