চট্টগ্রামে পর্যাপ্ত টিকা নেই জনবলও কম
চট্টগ্রামে অ্যানথ্রাক্স দেখা দিলে তা মোকাবিলায় পর্যাপ্ত জনবল ও টিকা এখানে নেই। নগরের চারটি কসাইখানা, ১৭টি বাজারসহ অন্তত ৪০টি স্থানে প্রতিদিন পশু জবাই হলেও স্বল্প জনবল দিয়ে এগুলো পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে না। উপজেলাগুলোর বাজার ও কসাইখানা পর্যবেক্ষণের ব্যবস্থা আরও দুর্বল। কারণ উপজেলা পর্যায়ে জনবল কম। সংশ্লিষ্ট সূত্রে এসব জানা গেছে।জেলা প্রাণিসম্পদ বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চট্টগ্রাম নগরের তিনটি থানা এলাকা ও জেলার ১৪টি উপজেলায় প্রায় চার লাখ গরু-ছাগল রয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থান থেকে গরু-ছাগল আমদানিও হয়। গতকাল সোমবার পর্যন্ত নগর বা উপজেলাগুলো থেকে অ্যানথ্রাক্স-আক্রান্তের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে গতকাল পর্যন্ত অ্যানথ্রাক্সের ২০ হাজার টিকা সরবরাহ করা হয়েছে। আরও ৩০ হাজার টিকা দু-এক দিনের মধ্যে পাওয়ার কথা, গরু-ছাগলের সংখ্যা বিবেচনায় যা অপ্রতুল।চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, ‘চট্টগ্রামে এখনো অ্যানথ্রাক্স-আক্রান্তের কোনো খবর পাওয়া না গেলেও নির্দেশ অনুযায়ী আমরা টিকাদান শুরু করেছি। স্বল্পতার কারণে প্রাপ্যতা অনুযায়ী বিভিন্ন উপজেলায় টিকা পাঠাচ্ছি। এখন পর্যন্ত ২০ হাজার টিকা পেয়েছি। আরও ৩০ হাজার টিকা আসবে।’জানা গেছে, প্রতিরোধব্যবস্থা হিসেবে নগর ও উপজেলায় এসব টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল নগরের মোহরা, কালুরঘাট ও বোয়ালখালী উপজেলায় গিয়ে জানা যায়, এসব এলাকায় এখনো অ্যানথ্রাক্স-আক্রান্তের ঘটনা না ঘটলেও গরুর মালিকেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁরা প্রাণিসম্পদ কর্মকর্তাদের ফোন করে টিকা দেওয়ার অনুরোধ করছেন।এদিকে বাঁশখালীতে গত শুক্রবার একটি এবং এর এক সপ্তাহ আগে অপর একটি গরুর মৃত্যুতে সেখানে অ্যানথ্রাক্স-আতঙ্ক দেখা দেয়। তবে প্রাণিসম্পদ বিভাগ দাবি করেছে, ওই দুটি গরু অ্যানথ্রাক্সে মারা যায়নি। এর পরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। গতকাল পর্যন্ত এ উপজেলায় দুই হাজার ৬০০ টিকা সরবরাহ করা হয়েছে। বাঁশখালীর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক বলেন, ‘আমি যে পরিমাণ টিকা চেয়েছি, এর মাত্র ১০ শতাংশ পেয়েছি। এ ছাড়া এখানে পর্যাপ্ত জনবলও নেই। তাই গত তিন দিনে এক হাজার গরুকে টিকা দিতে পেরেছি।’প্রাণিসম্পদ বিভাগ সূত্র জানায়, টিকার স্বল্পতার পাশাপাশি জনবলের সংকটও রয়েছে। প্রতিটি উপজেলায় দুজন ভেটেরিনারি চিকিৎসকসহ মঞ্জুরীকৃত ১১টি পদ থাকলেও কোনো উপজেলাতেই তিন-চারজনের বেশি কর্মরত নেই। মিরসরাই উপজেলায় কোনো ভেটেরিনারি চিকিৎসক নেই। সীতাকুণ্ড, হাটহাজারী, ফটিকছড়ি, বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা ও সন্দ্বীপে দুজনের স্থলে একজন করে ভেটেরিনারি চিকিৎসক রয়েছেন। কোনো কোনো উপজেলায় মাঠ কর্মকর্তা নেই। আবার কোনোটিতে ভেটেরিনারি চিকিৎসক ও মাঠ কর্মকর্তার পদ শূন্য।জনবল-সংকটের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, ‘টিকা এলেও দ্রুত এসব টিকা দেওয়ার জন্য আমাদের জনবলের অভাব রয়েছে। উপজেলায় ১১টি মঞ্জুরীকৃত পদ থাকলেও কোনো জায়গায় তিন থেকে চারজনের বেশি লোক নেই। এখন যদি রোগটি দেখা দেয় তাহলে সামাল দেওয়া কষ্টকর হয়ে পড়বে। জনবলের সংকটের কারণে উপজেলা কর্মকর্তাদের পক্ষে প্রতিটি বাজারের কসাইখানা পরিদর্শন করাও অসম্ভব।’জানা গেছে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিটি ইউনিয়নে পশু চিকিৎসা ছাড়াও বাজারের কসাইখানা পরিদর্শন করার কথা। কিন্তু পর্যাপ্ত জনবলের অভাবে তাঁরা প্রতিটি বাজার পরিদর্শন করতে পারছেন না।জানা যায়, নগরে সিটি করপোরেশনের নির্ধারিত চারটি কসাইখানায় সব পশু জবাইয়ের নির্দেশ থাকলেও ১৭টি বাজারসহ অন্তত ৪০টি অননুমোদিত স্থানে পশু জবাই হয়। সিটি করপোরেশনের দুজন ভেটেরিনারি চিকিৎসক স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কেবল নির্ধারিত চারটি কসাইখানাই তদারক করেন। এ ছাড়া প্রাণিসম্পদ বিভাগের দুজন চিকিৎসকও কসাইখানা তদারক করেন। তবে তাঁদের পক্ষে প্রতিদিন সব কসাইখানা পরিদর্শন করা সম্ভব নয় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।