চট্টগ্রামে পাঁচ মাসে ৩২ সন্ত্রাসী জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গত পাঁচ মাসে জামিনে কারাগার থেকে ৩২ জন সন্ত্রাসী ও ছিনতাইকারী মুক্তি পেয়েছে। পুলিশ বলছে, মুক্তির পর এদের অনেকে আবার অপরাধে জড়িয়ে পড়েছে। এ কারণে ঈদ সামনে রেখে নগরে ছিনতাই-ডাকাতি বেড়ে যাওয়ার আশঙ্কা করছে পুলিশ প্রশাসন।সরকারি কৌঁসুলিরা বলেছেন, পুলিশ পর্যাপ্ত তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন না করায় এসব আসামি জামিন পেয়ে যাচ্ছে। তবে পুলিশের কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছেন।চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, গত ২৩ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত জামিনে মুক্তি পাওয়া ৩২ সন্ত্রাসীর মধ্যে আট মামলার আসামি আবদুল হাকিম ওরফে পুলিশ হাকিমও রয়েছেন। তিনি ২৩ মার্চ মুক্তি পান। ৪ আগস্ট তিনি আবার গ্রেপ্তার হন। এ নিয়ে তিনি তিনবার গ্রেপ্তার হলেন।পুলিশ জানায়, পুলিশের সাবেক কনস্টেবল হাকিম ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় চাকরিচ্যুত হন। তিনি সর্বশেষ ডবলমুরিং থানায় কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বগুড়ার ধুনটে। ২৩ মার্চ মুক্তি পাওয়ার পর তিনি কয়েকটি বড় ছিনতাইয়ে নেতৃত্ব দেন। দ্বিতীয়বার তিনি গত বছরের ৫ আগস্ট গ্রেপ্তার হয়েছিলেন সদরঘাট সড়কে কলেজশিক্ষক সুজিত দাশের সোয়া পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ডবলমুরিং থানায় করা মামলায়। সুজিত পটিয়ার বেসরকারি এ জে চৌধুরী কলেজের শিক্ষক। হাকিমকে ওই মামলায় ছোটপুল এলাকা থেকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। সর্বশেষ তিনি ওই মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছিলেন।এই ছিনতাই মামলার এজাহারে হাকিমের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৪১/৩২৩/৩৪২/৩৯৫ ধারায় মামলা হয়।গোয়েন্দা শাখার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ‘হাকিম গ্রেপ্তারের পর সুজিত গোয়েন্দা কার্যালয়ে এসে পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকদের সামনে হাকিমকে শনাক্ত করেন। এর পরও এই আসামি জামিনে মুক্তি পেলে আমাদের কী করার আছে?’চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘পুলিশ হাকিম মার্চে জামিনে মুক্তি পেয়ে ১৪-১৫টি ছিনতাইয়ে অংশ নেয়। এগুলোর মধ্যে সম্প্রতি রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীর ১১ লাখ টাকা, পাহাড়তলীতে ১৫ লাখ এবং বায়েজিদ থানার রুবি গেট এলাকায় সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ে নেতৃত্ব দেয় সে। আরও কয়েকটি বড় ছিনতাইয়ের সঙ্গে সে জড়িত। তাকে আমরা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে অন্য ঘটনার ব্যাপারে তথ্য বের করার চেষ্টা করব।’কারাগার ও পুলিশ সূত্র জানায়, সন্ত্রাসী ও ছিনতাইকারীদের মধ্যে ২১টি মামলা থাকা মো. সাজিদুল হক ৬ জুলাই জামিনে মুক্তি পান। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। গত বছরের ১০ মার্চ তিনি গ্রেপ্তার হয়েছিলেন। নয় মামলার আসামি জুয়েল হোসেন ১৪ মার্চ গ্রেপ্তার হন, জামিনে মুক্তি পান ১৯ মে। ১৩ মার্চ গ্রেপ্তার হওয়া সাত মামলার আসামি আবদুল খালেক ১৭ মে জামিনে মুক্তি পান। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। আট মামলার আসামি হাসান ২৪ মে, তিন মামলার আসামি জাহাঙ্গীর আলম ২২ জুলাই, পাঁচ মামলার আসামি বিপ্লব দাস ৫ মে, পাঁচ মামলার আসামি ফরিদুল আলম ২৭ মে, ছয় মামলার আসামি শফিকুল ইসলাম ওরফে নাইক্যা কাজল ৩০ জুন, নয় মামলার আসামি মোহাম্মদ ইকবাল ৬ জুলাই, চার মামলার আসামি মোহাম্মদ ইউসুফ ২৯ জুন ও পাঁচ মামলার আসামি মানব কুমার মানু ২০ জুন জামিনে মুক্তি পান।ছিনতাইকারী ও সন্ত্রাসীরা জামিনে মুক্তি পাওয়ায় চট্টগ্রামের পুলিশের কর্মকর্তারা উদ্বিগ্ন। বিশেষ করে ঈদ সামনে রেখে বিপণিবিতান এবং ব্যাংকপাড়ার নিরাপত্তা নিয়ে তাঁরা চিন্তিত হয়ে পড়েছেন।পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম বলেন, সন্ত্রাসীরা জামিনে মুক্তি পাওয়ায় নগরে ছিনতাই-ডাকাতিসহ অপরাধপ্রবণতা বেড়ে যেতে পারে। বিশেষ করে ঈদের কেনাকাটার সময় সাধারণ নাগরিকেরা ছিনতাইকারীদের মূল লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবুল কাশেম বলেন, ‘আমরা ডাকাত-ছিনতাইকারীদের ধরি। ওরা জামিনে বেরিয়ে এসে আবার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। আসলে সন্ত্রাসীদের প্রতিরোধ তথা নিয়ন্ত্রণে রাখতে আমাদের সবাইকে আইন, নৈতিকতা ও বিবেকের দিক থেকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।’এদিকে সন্ত্রাসীদের জামিনে মুক্তি পাওয়া প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘আদালতে কিছু আলামত, তথ্য-প্রমাণ উপস্থাপন করতে হয়, যা আদালতের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এসবে আদালত সন্তুষ্ট হলে ওই আসামির জামিন বিবেচনায় আনতে বারবার চিন্তা করবেন। আর আলামত, তথ্য-প্রমাণ উপস্থাপনের দায়িত্ব পুলিশের। পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন না করে শুধু শীর্ষ সন্ত্রাসী লিখে দিলে হবে না। বক্তব্যের সমর্থনে তথ্য-প্রমাণ উপস্থাপন করতে হবে।’এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন। সপ্তাহ তিনেক আগে জামিনে মুক্তি পাওয়া তিন মামলার আসামি মোহাম্মদ মান্নানের মামলা প্রসঙ্গে তিনি প্রথম আলোকে বলেন, ‘ছিনতাইকারী মান্নানের বিরুদ্ধে যথাযথভাবে মামলা হয়। তাঁর কাছ থেকে ল্যাপটপ ও মুঠোফোন সেট উদ্ধারের পর তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতের মাধ্যমে নথিভুক্ত করার ব্যবস্থা করি। এজাহার ও সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনে পুলিশের ন্যূনতম দুর্বলতা নেই। এই অপরাধী উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে যায়।’পুলিশ জানায়, ৯ জানুয়ারি রাতে এক সাংবাদিকের চোখে মলম লাগিয়ে ল্যাপটপ, মুঠোফোন, টাকা ছিনতাইয়ের মামলায় মান্নান ২৫ জানুয়ারি চার সহযোগীসহ গ্রেপ্তার হন। মামলাটি হয় দণ্ডবিধির ৩২৮/৩৯২ ধারায়। এ মামলায় ১৭ জুলাই তাঁর জামিন হয়।পুলিশ আরও জানায়, সন্ত্রাসী মানব অস্ত্র আইনের মামলায় গত বছরের ১৯ মে গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে ছিনতাই ও অন্যান্য অভিযোগে আরও চারটি মামলা আছে। সর্বশেষ অস্ত্র মামলায় জামিন পেয়ে গত ২০ জুলাই তিনি মুক্তি পান। পাঁচলাইশ থানায় ওই মামলা করেন গোয়েন্দা শাখার এসআই আলমগীর হোসেন। এজাহারে বলা হয়, একটি দেশীয় তৈরি এলজি আসামি মানব কুমারের কোমরে গোঁজা ছিল।আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘মামলা দায়ের ও তদন্তে পুলিশের বিন্দুমাত্র দুর্বলতা নেই। ছিনতাইকারী মানব জামিন নিয়ে বেরিয়ে আবার ছিনতাই শুরু করেছে বলে আমরা অভিযোগ পেয়েছি।’