৮৮ গভীর নলকূপের পানির তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রতিবেদন
চট্টগ্রামে পানির স্তর কমছে, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা
৬০ বর্গমাইল আয়তনের চট্টগ্রাম শহরে ভূগর্ভস্থ পানির স্তর কমছে। প্রতিবছর কমছে তিন থেকে ১২ ফুট পর্যন্ত। ২০০৬ সালের শুরু থেকে গত ডিসেম্বর পর্যন্ত নগরের বিভিন্ন এলাকার ৮৮টি গভীর নলকূপের পানির তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ এ তথ্য প্রকাশ করেছে। এভাবে পানির স্তর কমতে থাকলে নগরে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভূমিকম্প প্রকৌশল গবেষণাকেন্দ্রের প্রধান সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম বলেন, ভূগর্ভে সুপেয় পানি কমলে সেখানে পাশের সমুদ্র থেকে লবণাক্ত পানি ঢুকবে। এতে মাটির গুণাগুণ নষ্ট হয়ে চাষাবাদের অনুপযোগী ও গাছপালা মরে যেতে পারে। বড় দালানকোঠা ও স্থাপনা ঝুঁকির মুখে পড়তে পারে।ওয়াসা সূত্র জানায়, পাহাড়তলীর ফিরোজশাহ কলোনির মতো কোনো কোনো এলাকায় বছরে পানির স্তর ৩৫ ফুটের বেশি কমছে। ঘনবসতিপূর্ণ এবং বহুতল ভবন বেশি হচ্ছে—এমন এলাকায় পানির স্তর দ্রুত নামছে। পানি কমায় বিভিন্ন এলাকায় ওয়াসার ১৫টি নলকূপ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সরকারি ও ব্যক্তিপর্যায়ে প্রায় ১০ হাজার গভীর নলকূপ দিয়ে অপরিকল্পিতভাবে পানি তোলায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ভূগর্ভে পানির স্তর ঠিক রাখতে ভূ-উপরিস্থ (সারফেস ওয়াটার) উৎস থেকে পানির ব্যবহার বাড়াতে হবে। পানি সংগ্রহের নতুন প্রকল্প বাস্তবায়িত হলে ওয়াসার সব নলকূপ বন্ধ করে দিতে হবে।চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, নগরে বহুতল ভবন নির্মাণ বেড়েছে। ওয়াসা পর্যাপ্ত পানি সরবরাহ দিতে না পারায় অনেকে অপরিকল্পিতভাবে গভীর নলকূপ বসিয়ে পানি তুলছে। আবার পানি ধরে রাখার মতো নগরের নিম্নভূমি, ডোবা ও পুকুর ভরাট করে বাড়িঘর তোলায় পানির আধার কমে যাচ্ছে। এগুলোও পানির স্তর কমার কারণ।ওয়াসা সূত্র জানায়, ৮৮টি নলকূপ ও হালদা নদীর পানি শোধন করে প্রতিদিন নগরে প্রায় ২০ কোটি গ্যালন পানি সরবরাহ করে ওয়াসা। কিন্তু নগরবাসীর পানির চাহিদা দিনে ৬০-৭০ কোটি গ্যালন। এই ঘাটতি মেটাতে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গভীর নলকূপ বসিয়ে ভূগর্ভ থেকে পানি ওঠানো হচ্ছে। সূত্র জানায়, গত ৩১ জানুয়ারি পর্যন্ত বেসরকারি পর্যায়ে অনুমোদন পাওয়া প্রায় দুই হাজার গভীর নলকূপ ছিল। দাপ্তরিক জটিলতা এড়াতে এবং ওয়াসার নির্ধারিত ফি না দিতে লোকজন অনুমোদন ছাড়াই বিভিন্ন মাপের নলকূপ বসাচ্ছে। এই সংখ্যা সাত থেকে আট হাজার হবে। ওয়াসার প্রধান প্রকৌশলী মো. সফিউল্লাহ বলেন, ‘আমরা নগরবাসীকে চাহিদামতো পানি দিতে পারছি না। তাই অনুমোদনহীন নলকূপ নিয়ে আমরা কঠোর অবস্থানে যেতে পারছি না।’নগর পরিকল্পনাবিদ ও গবেষক আলী আশরাফ মনে করেন, ভূগর্ভস্থ পানির পরিমাণ ব্যাপক হ্রাসের কারণে ভবিষ্যতে হালদা নদীতে মিঠাপানির পরিবর্তে পাশের সমুদ্র থেকে লোনা পানি ঢুকে লবণাক্ততা বাড়াবে। তখন হয়তো হালদা নদীতে রুইজাতীয় মাছ নয়, ইলিশ ডিম পাড়তে আসবে।ভূগর্ভস্থ পানির চিত্র: ওয়াসার প্রতিবেদনে বলা হয়, ঘনবসতিপূর্ণ এলাকায় পানির স্তর দ্রুত কমছে। এসব এলাকায় পাঁচ বছরের ব্যবধানে পানির স্তর ৫০ থেকে ১১০ ফুট পর্যন্ত কমেছে। হালিশহর এলাকায় ২০০৬ সালে নলকূপের পানি তোলা হতো ৭০ ফুট গভীর থেকে। গত বছর একই জায়গায় পানি তোলার জন্য ১৮০ ফুট গভীর নলকূপ বসাতে হয়েছে। আগ্রাবাদ সিজিএস কলোনিতে ওয়াসা এখন পানি তুলছে ১৮৫ ফুট গভীর থেকে। এ এলাকায় পাঁচ বছর আগে ১৩০ ফুট গভীরতায় পানি তোলা হতো। দামপাড়ার জেলা পুলিশ লাইনে পাঁচ বছর আগে ১৩৫ ফুট গভীর থেকে পানি তোলা গেলেও এখন ১৯০ ফুট গভীরে যেতে হয়। ৯০ ফুট গভীরতায় চট্টগ্রাম কারাগারের নলকূপে এখন পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। অথচ ২০০৬ সালে এখানে ৪০ ফুট গভীরতায় পর্যাপ্ত পানি পাওয়া যেত।প্রতিবেদনে আরও বলা হয়, ‘পাহাড়ি এলাকায় পানির স্তর আরও দ্রুত কমছে। ফিরোজশাহ কলোনিতে ২০০৭ সালে পানি উঠত ৭০ ফুট গভীরতা থেকে। গত বছর পানি তুলতে ১৭০ ফুট গভীরতায় নলকূপ বসাতে হয়। কৈবল্যধামে ২০০৬ সালে ৪৫ ফুট গভীরতায় পানি পাওয়া গেলেও, গত বছর ওই এলাকায় পানি তুলতে ১৬০ ফুট গভীরতার নলকূপ বসাতে হয়েছে। পাঁচ বছর আগে শেরশাহ কলোনিতে ৮৫ ফুট গভীরে পানি পাওয়া গেলেও, গত বছর সেখানে নলকূপ বসাতে হয় ১০৮ ফুট গভীরে।