চট্টগ্রামে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৯৬। সেরা ১০ স্কুলের মধ্যে প্রথম হয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এবার পাসের হার ও জিপিএ-৫-এর সংখ্যা বেড়েছে।ফলাফল প্রসঙ্গে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলো ডটকমকে বলেন, ‘সামগ্রিক ফলাফলে আমরা গতবারের চেয়ে এগিয়ে আছি।’চট্টগ্রাম বোর্ডে গত বছর পাসের হার ছিল ৭৮ দশমিক ২৭। এ বছর তা বেড়েছে প্রায় দশমিক ৬৯ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ১২১ জন। গতবারে এ সংখ্যা ছিল চার হাজার ৮১৯।এ বছর চট্টগ্রাম বোর্ডের অধীন ৯৩৯টি বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ছিলেন ৮৫ হাজার ৯৪০ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৮৫ হাজার ৭৬৭ জন। অনুপস্থিত ছিলেন ১৭৩ জন।সেরা ১০ স্কুল: চট্টগ্রাম বোর্ডে এবারের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ফৌজদারহাট ক্যাডেট কলেজ। দ্বিতীয় স্থানে রয়েছে কলেজিয়েট স্কুল। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে যথাক্রমে সরকারি মুসলিম হাইস্কুল, চট্টগ্রাম পাবলিক স্কুল ও কলেজ এবং বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ। ষষ্ঠ থেকে দশম অবস্থানে আছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, সিলভার বেলস বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় ও চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। ফলাফল সম্পর্কে ফৌজদারহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে. কর্নেল হুমায়ুন কবীর প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা খুশি। প্রত্যাশিত ফলাফল পেয়েছি। কলেজের নিয়মানুবর্তিতা ও শিক্ষকদের বিশেষ তত্ত্বাবধানের কারণে এ ধরনের ফলাফল লাভ করা সম্ভব হয়েছে।’ চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ও কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষকের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, ‘পাঠক্রমভিত্তিক ফলাফলে আমরা মোটামুটি সুখী। কিন্তু পাঠক্রমে বাইরে ছাত্রদের মধ্যে মানবিক গুণাবলি বিকাশের ওপরও জোর দেওয়া উচিত। আমরা সে দিকটায় আশানুরূপ সাফল্য পাইনি এখনো। কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের আমরা এসব বিষয়ে সচেতন করে তুলছি।’