চট্টগ্রামে পাসের হার কমেছে, বেড়েছে জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবার সামগ্রিকভাবে পাসের হার কমেছে। তবে গত বছরের চেয়ে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এবার তিনটি বিভাগের মধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার সবচেয়ে বেশি।এ বছর পাসের হার পাসের হার ৭১ দশমিক ০৩ শতাংশ, যা গত বছরের চেয়ে ১ দশমিক ৬২ শতাংশ কম। গত বছর পাসের হার ছিল ৭২ দশমিক ৬৫ শতাংশ।পাসের হার কমে যাওয়া প্রসঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত বলেন, ‘এর সুনির্দিষ্ট কারণ নেই। তবে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় পাসের হারে কিছুটা তারতম্য ঘটেছে।’ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার বাড়ার বিষয়ে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার প্রথম আলোকে জানান, ‘বর্তমানে বিজ্ঞানের চেয়ে ব্যবসায় শিক্ষার প্রতি বেশির ভাগ শিক্ষার্থীর মনোযোগ বেশি। তারা মনে করে, বিজ্ঞান পড়ার চেয়ে ব্যবসায় শিক্ষায় ভবিষ্যতে কাজের সুযোগ বেশি। অভিভাবকেরাও অনেকে ছেলেমেয়েদের সেভাবে উত্সাহিত করে থাকেন। এ ছাড়া বিজ্ঞানের পাঠ্যসূচিও তুলনামূলকভাবে কঠিন বলে ব্যবসায় শিক্ষার দিকে ছুটছে শিক্ষার্থীরা।’বোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বোর্ডে সেরা ২০ কলেজের তালিকায় এবারও শীর্ষে রয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ। অন্যদিকে জিপিএ-৫ পাওয়া শীর্ষ ১০ কলেজের তালিকায় প্রথমেই রয়েছে চট্টগ্রাম সরকারি কলেজ। এ কলেজের ৭৬৯ জনের মধ্যে ৪০৪ জন জিপিএ-৫ পেয়েছেন। এরপর সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজ ও সরকারি কমার্স কলেজ। মুহসীন কলেজ থেকে এক হাজার ৩৫৭ জনের মধ্যে ৩১০ জন এবং কমার্স কলেজ থেকে ৭৫১ জনের মধ্যে ২১৪ জন জিপিএ-৫ পেয়েছেন।