চট্টগ্রামে পাহাড় কাটা বন্ধে নির্দেশনা দিয়ে রুল জারি
চট্টগ্রাম জেলায় পাহাড় কাটা বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বাঁশখালী উপজেলার গুনাগুড়ি পাহাড়সহ জেলার সব পাহাড় রক্ষায় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।আজ সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এই রুল জারি করেন।আগামী তিন সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, পরিবেশসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং বাঁশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এই রুলের জবাব দিতে বলা হয়েছে।গত ২০ জুন একটি স্থানীয় দৈনিকে ‘বাঁশখালীতে পাহাড় কেটে ছয় মাসে ২৬ হাজার ট্রাক মাটি বিক্রি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা লেদু মিয়া মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের কাছে আইনগত সহায়তা চান। এ ঘটনায় সংগঠনের পক্ষে আজ সোমবার আইনজীবী মনজিল মোরসেদ রিট করেন। আদালত প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি ও অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেন।নির্দেশনায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বাঁশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে চট্টগ্রাম জেলার সব পাহাড় তদারক করতে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কেউ পাহাড় কাটতে বা ধ্বংস করতে না পারে।গুনাগুড়ি পাহাড় কেটে যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চট্টগ্রামের পুলিশ সুপার ও বাঁশখালী থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ব্যাপারে নেওয়া অগ্রগতি প্রতিবেদন ১০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে আদালতে দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া গুনাগুড়ি পাহাড় কাটার সঙ্গে সম্পৃক্তদের কাছ থেকে ছয় মাসের মধ্যে ক্ষতিপূরণ আদায় ও মাটি ভরাট করে পাহাড়টি পূর্বের অবস্থা ফিরিয়ে নিতে ওই চারজন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।