চট্টগ্রামে পাহাড় কাটার অভিযোগে গ্রেপ্তার ৪
সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে পাহাড় কাটার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পরিবেশ অধিদপ্তর ও র্যাব। এ সময় মাটিভর্তি দুটি ট্রাক, দুটি এস্কেভেটর ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দুই ট্রাকের চালক শেখ আলম (২৫) ও হারুনুর রশিদ (৪৫), মাটি কাটার স্থানীয় দুই শ্রমিক শওকত হোসেন (২৩) ও মোরশেদ আলম (২৮)। অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল আশ্রাব প্রথম আলো অনলাইনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের একটি দল এবং র্যাব যৌথভাবে এ অভিযান চালায়। অভিযান পরিচালনাকারী দলটি বাড়বকুণ্ডের ফকিরকানাল পাহাড়ের বড় অংশ কাটা অবস্থায় দেখতে পান। এ ছাড়া এস্কেভেটরের মাধ্যমে মাটি কেটে ট্রাকে ভর্তি করার দৃশ্যও তাঁদের চোখে পড়ে। এ সময় হাতেনাতে ট্রাকচালক ও শ্রমিকদের গ্রেপ্তার করা হয়। আরও কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় প্রভাবশালী রফিকুল আনোয়ার, খায়রুল বশর, গ্রেপ্তার হওয়া চারজন ও আরও ৯-১০ জনকে আসামি করে সীতাকুণ্ড থানায় একটি মামলা করা হয়েছে।