চট্টগ্রামে দুর্গম পাহাড়ি জঙ্গল সলিমপুর ও ইসলামপুরে সন্ত্রাসীদের মধ্যে রাতভর গুলিবিনিময় এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা প্রায় ২০টি ঘর-দোকানে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুর চালায়। সরকারি খাসজমি দখলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত থেমে থেমে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল ভোরেও ওই এলাকায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময় হয়। এ সময় নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আতঙ্কে অনেকে এলাকা ছেড়ে যাচ্ছেন। জানা গেছে, আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জ্যোৎস্না বেগম (৩৫), ফিরোজা বেগম (৫০), সালাউদ্দিন (১৮), আবুল কাশেম (৫০) ও শাহেদা আক্তার ওরফে সেনোরী বেগমকে (৪০) গ্রেপ্তার দেখানো হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সেনানিবাসসংলগ্ন বায়েজিদ বোস্তামী থানার ইসলামপুর সমাজকল্যাণ ও আইনশৃঙ্খলা রক্ষা কমিটি এবং সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর বাস্তুহারা কো-অপারেটিভ সোসাইটির মধ্যে এ সংঘর্ষ হয়। কো-অপারেটিভ সোসাইটির নেতৃত্বে আছেন স্থানীয় বাস্তুহারা লীগের সভাপতি আলী আক্কাস এবং অন্য সংগঠনের নেতৃত্বে আছেন স্থানীয় প্রভাবশালী শাহজাহান বাদশা। নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার বলেন, ‘জঙ্গল সলিমপুর ও ইসলামপুরে প্রায় দুই হাজার একর পাহাড়ি খাসজমি রয়েছে। ওই জায়গার দখল নিতে সোমবার রাতে সন্ত্রাসীদের এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। সন্ত্রাসীরা কয়েকটি ঘর ভাঙচুর ও পুড়িয়ে দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পাহাড়ি পথ দিয়ে পালিয়ে যায়। সেখানে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।’ বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ সবুর বলেন, সোমবার দুপুরে ছিন্নমূল নেতা আকতার-আইনুল ও ধামা জাহাঙ্গীরের নেতৃত্বে সন্ত্রাসীরা ইসলামপুরে সশস্ত্র মহড়া দেয়। রাত সাড়ে ১০টার দিকে ইসলামপুরের লোকজন ক্লাবঘর ও আশপাশের ঘরে আগুন দেয়। রাত ১২টার দিকে জঙ্গল সলিমপুরের লোকজন পাল্টা হামলা চালায়। রাত সাড়ে ১২টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল সকাল সাতটার দিকে আবার আক্কাসের লোকজন ইসলামপুরে হামলা চালাতে যায়। এ সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষে ৮-১০ রাউন্ড গুলিবিনিময় হয়।সংঘর্ষের কারণ: পুলিশ জানায়, ইসলামপুর এলাকার বাসিন্দাদের সুবিধার্থে চট্টগ্রাম সেনানিবাস কর্তৃপক্ষ সম্প্রতি প্রায় আড়াইহাজার লোক সেনানিবাসের ভেতর দিয়ে চলাচলের জন্য বিশেষ পাস ইস্যু করে। কিন্তু নির্ধারিত পাসের বাইরেও লোকজন সেনানিবাসের ভেতর দিয়ে চলাচল শুরু করলে কর্তৃপক্ষ আপত্তি জানায় এবং ইসলামপুর সমাজকল্যাণ ও আইনশৃঙ্খলা রক্ষা কমিটিকে বিষয়টির প্রতি নজর রাখার নির্দেশ দেয়। জঙ্গল সলিমপুরের একটি টিলার ওপর ক্লাবঘর থাকায় বাইরের লোকজন যাতায়াত করত। সেখানে প্রতি দিন সন্ধ্যার পর আলী আক্কাসের লোকজন বসে আড্ডা দেয়। ২৫ এপ্রিল ক্লাবঘরটি সরিয়ে নিতে ইসলামপুর সমাজকল্যাণ কমিটি তাদের নোটিশ দেয়। এতে ক্ষুব্ধ হয় আক্কাস ও তার লোকজন। আতঙ্ক ও উত্তেজনা: ওই এলাকায় গিয়ে দেখা যায়, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনার পর প্রায় ১০০ নারী-শিশু সেনানিবাসের ভেতর একটি ভবনের নিচে আশ্রয় নিয়েছে। আতঙ্কে অনেকে আশপাশের আত্মীয়স্বজনের বাড়িতে চলে যাচ্ছেন। ইসলামপুরের বাসিন্দা পোশাকশ্রমিক মিনু আরা বলেন, ‘৩৫-৪০ জন অস্ত্রধারী সন্ত্রাসী রাত সাড়ে ১১টার দিকে আমাদের ওপর হামলা চালায়। এরপর আমরা প্রাণ বাঁচাতে এখানে এসেছি।’ ইসলামপুর সমাজকল্যাণ সমিতির নেতা আবদুল মালেক ঘটনার জন্য আকতার পক্ষকে দায়ী করেন। অভিযোগ অস্বীকার করে সলিমপুর বাস্তুহারা কো-অপারেটিভ সোসাইটির যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ইসলামপুরের লোকজন আমাদের ক্লাব ও বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে।’