চট্টগ্রামে পাহাড় দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় ৩২ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পাহাড়ি জঙ্গল সলিমপুর ও ইসলামপুরে সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে পুলিশ এবং র‌্যাবের যৌথ অভিযানে ১৫০ জনকে আটক করা হয়। আটকের পর ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ছেড়ে দেওয়া হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের সলিমপুর ও ইসলামপুরে সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময়, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় রাতভর জেলা পুলিশ, নগর পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালায়। এ সময় ১৫০ জনকে আটক করা হয়। এর মধ্যে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। সরকারি খাসজমি দখলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত থেমে থেমে চট্টগ্রামের সলিমপুর ও ইসলামপুরে সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময়, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় সন্ত্রাসীরা প্রায় ২০টি ঘর-দোকানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর চালায়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল ভোরেও ওই এলাকায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময় হয়। এ সময় নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জ্যোত্স্না বেগম (৩৫), ফিরোজা বেগম (৫০), সালাউদ্দিন (১৮), আবুল কাশেম (৫০) ও শাহেদা আক্তারকে (৪০) গ্রেপ্তার দেখানো হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সেনানিবাসসংলগ্ন বায়েজিদ বোস্তামী থানার ইসলামপুর সমাজকল্যাণ ও আইনশৃঙ্খলা রক্ষা কমিটি এবং সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর বাস্তুহারা কো-অপারেটিভ সোসাইটির মধ্যে এ সংঘর্ষ হয়। কো-অপারেটিভ সোসাইটির নেতৃত্বে আছেন স্থানীয় বাস্তুহারা লিগের সভাপতি আলী আক্কাস এবং অন্য সংগঠনের নেতৃত্বে আছেন স্থানীয় প্রভাবশালী শাহজাহান বাদশা।