চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ১৫
আবার পাহাড়ধস, আবার প্রাণহানি। মাত্র চার বছরের ব্যবধানে চট্টগ্রাম নগরের বাটালি হিল এলাকায় স্বজনদের কান্না আর আহাজারি। আজ শুক্রবার ভোরে প্রবল বৃষ্টির মধ্যে ভয়াবহ পাহাড়ধসে প্রাণ হারিয়েছেন তিন পরিবারের চার শিশুসহ ১৫ জন। আরও তিনজন মাটির নিচে আছেন।২০০৭ সালের ১১ জুন প্রবল বৃষ্টির সময় ভয়াবহ পাহাড়ধসে নগরের এই বাটালি হিলসহ কয়েকটি এলাকায় ১২৭ জনের মৃত্যু হয়েছিল। ভয়াবহ সেই ঘটনার পর আবার পাহাড়ের ঢালে বসবাসরত বাসিন্দাদের সামনে হাজির হয় দুঃস্বপ্নের আরেকটি সকাল।পাহাড়ধসে নিহত ব্যক্তিরা হলেন: রেহেনা বেগম (৩৮), তাঁর চার সন্তান শারমিন (২০), ফাতেমা (১২), আজাদ (১০) ও তানজিনা (২), রিকশাচালক আমজাদ হোসেন (৪০), তাঁর স্ত্রী রাজিয়া বেগম (৩০) ও মেয়ে শারমিন (১২), বাবুর্চি সহকারী শফিউল (৪০), তাঁর স্ত্রী মিনু আক্তার (৩৫), মেয়ে সোনিয়া সনি (৮) ও ছেলে মিনহাজ (৬) এবং হোসনে আরা, তাঁর দুই সন্তান সাজ্জাদ (৮) ও শাহেদা (৬)। উদ্ধারকর্মীরা আনোয়ার ও দেলোয়ারা নামে দুজনকে জীবিত উদ্ধার করেন। আনোয়ারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের দুটি দল লেফটেন্যান্ট কর্নেল সারোয়ারের নেতৃত্বে উদ্ধার তত্পরতায় অংশ নেয়। তাদের সঙ্গে পুলিশ, র্যাব, দমকল বাহিনী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্ধারকর্মীরা রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম ও জেলা প্রশাসক ফয়েজ আহমদ আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মেয়র মনজুর আলম জানান, মাটি ধসের আশঙ্কায় গতকালই তাদের সতর্ক করে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছিল। কিন্তু তারা সে কথা শোনেনি। তবে পাহাড়ের পাদদেশের বাসিন্দারা জানায়, স্থানীয় স্কুল ঘর খুলে না দেওয়ায় তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারেনি।লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার জানান, প্রয়োজন হলে সেনাবাহিনীর আরও দল উদ্ধার কার্যক্রমে অংশ নেবে।