চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনায় আরও ২ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বাটালি পাহাড় ধসের ঘটনায় আজ শনিবার সকালে আরও দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গতকালের ওই ঘটনায় মোট ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হলো। টানা ২৫ ঘণ্টার বেশি চলার পর সকাল আটটার দিকে উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আজ যাঁদের লাশ উদ্ধার করা হয় তাঁরা হলেন—হোসনে আরা (৪০) ও রাজিয়া (৪০)। উদ্ধারকর্মীরা জানান, ভোর সোয়া পাঁচটার দিকে হোসনে আরা এবং সকাল আটটার দিকে রাজিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়।গতকাল শুক্রবার সকাল ছয়টার দিকে প্রবল বৃষ্টির মধ্যে বাটালি পাহাড়ের বড় আকারের একটি মাটির খণ্ড পাশের সীমানা দেয়ালে আছড়ে পড়ে। এরপর মাটি আর দেয়াল ২৫টি বস্তিঘর চাপা দেয়। এতে গতকাল রাত পর্যন্ত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। আজ সকালে উদ্ধার করা হয় আরও দুজনের মৃতদেহ।চট্টগ্রাম অঞ্চলের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, টানা ২৫ ঘণ্টার বেশি সময় ধরে চলার পর আজ সকাল আটটার দিকে জেলা প্রশাসকের নির্দেশে উদ্ধারকাজ সমাপ্ত করা হয়েছে। স্থানীয় জনগণ জানিয়েছে, আর মাটি চাপা পড়ে লাশ থাকার সম্ভাবনা নেই। কারণ, মাটি ধসের পর যারা নিখোঁজ হয়েছিল তাদের সবার লাশ পাওয়া গেছে। পাহাড় ধসের পর সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।