চট্টগ্রামে পাহাড় ধ্বস, ২৫ জনের মৃত্যুর আশঙ্কা
চট্টগ্রামে পৃথক পাহাড় ধসের ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ও রাতে আকবর শাহ মাজার ও বিশ্বকলোনি এলাকায় পৃথক এই দুর্ঘটনা ঘটে। আকবর শাহ এলাকায় অন্তত ৫০টি বসত ঘরের ওপর এবং বিশ্বকলোনিতে দুইটি ঘরের ওপর পাহাড় ধসে পড়েছে। আজ সন্ধ্যার পর পর এ ঘটনা ঘটে। আকবর শাহ মাজার এলাকার ধ্বংসস্তুপ থেকে রাতে তিনজনকে জীবিত ও এক মহিলাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও অন্তত ২৫জন নিখোঁজ রয়েছেন বলে স্বজন ও আশেপাশের লোকজনের দাবি। নিহত মহিলার নাম বানু (৪০)। আহত অপর দুই মহিলা ও এক পুরুষকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর রাত পৌনে নয়টার দিকে ফায়ার সার্ভিস উদ্ধার তত্পরতা শুরু করে। পর রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর একটি দল উদ্ধার তত্পরতায় যোগ দেয়।ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক জসিম উদ্দিন বলেন, আমরা এখন পর্যন্ত একজন মহিলার লাশ উদ্ধার করেছি। তিনজনকে আহত অবস্থায় পেয়েছি। এছাড়া অপর এক শিশুর হাত দেখা যাচ্ছে। মনে হচ্ছে সে মৃত।দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া শাবনাজ আক্তার জানান, সন্ধ্যার পর বিকট শব্দে পাশের পাহাড়টি ইয়াছিন কলোনির ঘরগুলোর ওপর পড়ে। প্রতিটি এক কক্ষ বিশিষ্ট ঘর পৃথক পরিবার বাস করতো। শাবনাজের বড় বোন ও বাবা ধংসস্তুপের নিচে রয়েছে বলে জানান।একইভাবে ছামিরা তার দুই স্বজন মাটির নিচে চাপা পড়ে রয়েছে বলে জানান। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুস সাত্তার সেলিম ধংসস্তুপে ১৫-২০জন রয়েছেন বলে ধারণা করছেন। তিনি বলেন, ‘পাহাড় ধসে এক কক্ষবিশিষ্ট অন্তত ৫০টি ঘর চাপা পড়েছে। এতে ১৫-২০জন মারা যেতে পারেন।’দুর্ঘটনার পর পর সিটি মেয়র এম মনজুর আলম ও জেলা প্রশাসক ফয়েজ আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় ফয়েজ আহমদ বলেন, বার বার মাইকিং সত্ত্বেও তারা এখান থেকে সর যায়নি। আমরা উদ্ধার কাজে সেনাবাহিনীকে নিয়োজিত করেছি। জানা গেছে, রেলওয়ের মালিকানাধীন পাহাড়ের নিচের অংশ কেটে এই ঘরগুলো তৈরি করা হয়েছিল। অন্যদিকে খুলশী থানাধীন বিশ্বকলোনি এলাকায় অপর একটি পাহাড় ধসে পাঁচজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। রাত সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনার সত্যতা স্বীকার করেছে। তারা উদ্ধার তত্পরতা শুরু করেছে। স্থানীয় কাউন্সিলর আবদুস সাত্তার বলেন, ‘বিশ্বকলোনিতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ওখানে পাঁচজনের মতো নিখোঁজ রয়েছে।’এদিকে, নগরের আমবাগান এলাকায় রাত সাড়ে সাতটার দিকে দেয়াল ধসে আবুল হোসেন (৮) নামে এক শিশু মারা গেছে।