চট্টগ্রামে পাহাড়ধস মা-মেয়ের মৃত্যু
চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকার টাংকির পাহাড়ধসে গতকাল রোববার ভোরে মা-মেয়ের মৃত্যু হয়েছে। রাতভর বৃষ্টির মধ্যে ভোরে পাহাড়ের কিছু অংশ ধসে এ দুজনের মৃত্যু হয়। ১৯৯৭ সালে এই এলাকায় পাহাড়ধসে চারজনের মৃত্যু হয়েছিল।নিহত ব্যক্তিরা হলেন ফাতেমা বেগম (৪২) ও তাঁর মেয়ে কুলসুমা বেগম (১৭)। দুজনই পোশাক কারখানার শ্রমিক। ফাতেমার স্বামী আবদুল মান্নান তৃতীয় স্ত্রীর সঙ্গে অন্য জায়গায় থাকেন।পাহাড়ধসে বোন ফাতেমার মৃত্যুর খবর শুনে ছুটে আসেন সুফিয়া বেগম। তিনি বলেন, ‘মেয়েকে নিয়েই ছিল আমার বোনের সংসার। অনেক কষ্ট করে তারা চলত। পাহাড় সব কেড়ে নিল।’প্রত্যক্ষদর্শীরা জানান, রাতভর ভারী বৃষ্টিপাতের পর ভোর সোয়া পাঁচটার দিকে বিকট শব্দে টাংকির পাহাড়ের কিছু অংশ ধসে আকবর সাহেবের কলোনির ওপর পড়ে। এতে মা-মেয়ে মাটি চাপা পড়েন। পরে বাড়িওয়ালা মো. আকবর ও তাঁর ছেলে আমির হোসেনসহ অন্যরা তাঁদের উদ্ধার করে দোতলায় তাঁদের ঘরের একটি কক্ষে রাখেন। প্রথম দিকে তাঁরা ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করেন। পরে বিষয়টি জানাজানি হয়ে যায়।তবে আকবরের স্ত্রী সুফিয়া বেগম বলেন, ‘আমরা লাশ বাসায় এনে রেখেছি। পুলিশ আসার পর তাদের বুঝিয়ে দিয়েছি।’খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. আমির জানান, ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়।চট্টগ্রামে পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচ এম হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।সরেজমিনে দেখা গেছে, সরকারি সংস্থা ওয়াসার মালিকানাধীন টাংকি পাহাড়ের মাঝামাঝি এলাকা সমতল করে অন্য অনেকের মতো গড়ে উঠেছে আকবর সাহেবের কলোনি। একটি দোতলা ভবন এবং কিছু সেমিপাকা ঘর মিলিয়ে প্রায় ৩৫টি কক্ষ রয়েছে। কলোনির প্রতিটি কক্ষ আড়াই হাজার থেকে তিন হাজার টাকা ভাড়া দেওয়া হয়েছে। এর পাশে ছোট পাহাড়ের ওপর জনৈক বেলায়েত নামের এক ব্যক্তি ভবন গড়ে তুলেছেন। বেলায়েতের ভবনের পাশ থেকে পাহাড়ধসে আকবর সাহেবের কলোনির ওপর পড়ে এই দুর্ঘটনা ঘটে।অগ্নিনির্বাপণ বিভাগের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘পাহাড় খাড়াভাবে কেটে এখানে বসতি গড়ে তোলা হয়েছে। এ কারণে পাহাড়ধসে এ দুর্ঘটনা ঘটেছে। এখানে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত অন্যদের আমরা সরে যাওয়ার নির্দেশ দিয়েছি।’