চট্টগ্রামে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের অস্থায়ী পুনর্বাসন
চট্টগ্রামে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের অস্থায়ীভাবে পুনর্বাসন কার্যক্রম গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। এই লক্ষ্যে নগরের টাইগারপাস দিগন্ত ক্লাব মাঠে তাঁবু খাটানো হয়েছে। তবে তাঁবুতে এখনই কোনো বাসিন্দাকে তোলা সম্ভব হয়নি। গত ৯ মে পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভায় নগরের ১৩টি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী বাসিন্দাদের বর্ষা মৌসুমে তিন মাসের জন্য সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই অস্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়। এরই অংশ হিসেবে গতকাল দিগন্ত ক্লাব মাঠে প্রায় শ খানেক তাঁবু খাটানো হয়। লালখান বাজার এলাকার আশপাশের পাহাড়ের লোকজনকে এখানে থাকতে দেওয়া হবে বলে জানা গেছে। পর্যায়ক্রমে ৫০০ তাঁবু খাটিয়ে অধিক ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে নেওয়া হবে বলে জানানো হয়। এই কার্যক্রমের তদারক করেন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। তিনি বলেন, ‘চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে ৫০ হাজারের বেশি লোক ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে। আমরা হয়তো সবাইকে সরিয়ে নিতে পারব না। যারা বেশি ঝুঁকিতে রয়েছে, তাদের প্রথম দফায় সরিয়ে নেব। এতে ৫০০ তাঁবু খাটানো হবে।’তাঁবু খাটানো হলেও এখানে ঝুঁকিতে বাস করা লোকজনের আসতে অনীহা রয়েছে। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন গত ১৫ মে প্রথম আলোয় ছাপা হয়। গতকালও লালখান বাজার এলাকার ওয়ার্ড কাউন্সিলর এফ কবির মানিককে তাঁবু খাটানোর সময় ডাকা হলেও তিনি আসেননি। তাঁবুতে লোকজন থাকতে চাচ্ছে না বলেও জানিয়ে দেন কাউন্সিলর। এ প্রসঙ্গে জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, ‘এখানে লোকজনকে এখনই থাকতে হবে, এমন কথা নেই। বৃষ্টির সময় এসে থাকলে হবে। এই কার্যক্রমের মাধ্যমে আমরা যদি দুজন লোককেও বাঁচাতে পারি, তবেই সফলতা। আর যারা এর বিরোধিতা করছে, তারা পাহাড়ে ঘর ভাড়া দেয়।’ জানা গেছে, তাঁবু খাটানোর পর পর্যায়ক্রমে সেখানে বিদ্যুৎ ও পানির ব্যবস্থা করে দেবে। এ ছাড়া ভ্রাম্যমাণ পয়োনিষ্কাশনের ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়।