চট্টগ্রামে পুলিশ-ডাকাত গুলিবিনিময়, গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী থানার সুবেদার মেজর পুকুরপাড় এলাকায় আজ মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে ডাকাতদলের গুলিবিনিময় হয়েছে। স্প্লিন্টারের আঘাতে সহকারী পুলিশ সুপারসহ (এএসপি) দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে।হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী প্রথম আলো ডটকমকে জানান, সুবেদার মেজর পুকুরপাড় এলাকায় ডাকাতসর্দার সাবেদুল হক কালুর দলের সদস্যরা ডাকাতির জন্য জড়ো হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতদলের সদস্যরা গুলি ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ওসি আরও জানান, গুলির স্প্লিন্টারের আঘাতে হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ফ ম নিজাম উদ্দিন ও উপপরিদর্শক (এসআই) আনিছ আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে তিনটি দেশীয় এলজি, দুটি বন্দুক, তিনটি কিরিচ, তিনটি চাপাতি ও আটটি গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে।