চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে গতকাল সোমবার পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার মনজুর মোরশেদসহ দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। পূর্বঘোষণা অনুযায়ী, গতকাল বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ শুরুর আগে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বিএনপির ক্ষুব্ধ নেতা-কর্মীরা অন্তত ৩০টি গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের ১৮টি গুলি এবং আটটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম দফায় পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ হওয়া দলীয় নেতা-কর্মীদের একটি বড় অংশ বিভিন্ন দলে বিভক্ত হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নাসিমন ভবনের দলীয় কার্যালয়কে কেন্দ্র করে আশপাশের কয়েক বর্গকিলোমিটার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ওই এলাকায় এক ঘণ্টার বেশি সময় গাড়ি চলাচল বন্ধ থাকে।নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোর কাছে দাবি করেন, বিএনপির নেতা-কর্মীরা বিনা উসকানিতে পুলিশের ওপর হামলা চালিয়েছে। দলীয় কর্মীদের বিভিন্ন দলে ভাগ হয়ে পুলিশের ওপর হামলার ঘটনা প্রমাণ করে, তাঁরা পূর্বপরিকল্পনা অনুযায়ী এটা করেছেন।তবে আমীর খসরু দাবি করেন, পুলিশের বাড়াবাড়ির কারণে তাঁদের দলের ১০০ জনের বেশি নেতা-কর্মী আহত হন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দলের নগর কমিটির সভাপতি আমীর খসরু ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে বিকেল পাঁচটার দিকে একটি মিছিল কাজির দেউড়ি হয়ে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের দিকে আসছিল। কিন্তু মিছিলটি মূল সড়ক থেকে ডানে মোড় নিয়ে দলের কার্যালয়ে না গিয়ে লাভ লেনের মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে দলীয় কর্মীদের কয়েকজন পুলিশের লাঠি ধরে টানাটানি শুরু করেন।একপর্যায়ে পুলিশ উত্তেজিত হয়ে লাঠিপেটা শুরু করলে সামনে ও পেছনের দিক থেকে পুলিশের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। ইতিমধ্যে মিছিলে থাকা কিছু নেতা-কর্মী লাভ লেনের দিকে এবং অন্য একটি অংশ কাজীর দেউড়ির দিকে চলে যায়। নতুন নতুন মিছিল এসে ওই দুই জায়গায় দলের নেতা-কর্মীদের সঙ্গে যুক্ত হয়। দলের নেতা-কর্মীদের শক্তি বাড়িয়ে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশের লাঠিপেটার জবাবে বিএনপির কর্মীরা পুলিশকে লক্ষ করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ সময় ওই এলাকা দিয়ে চলাচলকারী গাড়ি এবং আশপাশের দোকানপাট ইটপাটকেলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। নূর আহমদ সড়কে ফোমবাহী একটি ভ্যান পুড়িয়ে দেওয়া হয়। ওই ভ্যানে ৭৫ হাজার টাকার ফোম ছিল।কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষ লাভ লেন, কাজীর দেউড়ি ছাড়িয়ে জুবিলি রোড, এনায়েত বাজার, আউটার স্টেডিয়াম এলাকা, আলমাস মোড়, সার্সন রোড, আসকারদীঘির পাড় এবং সিআরবি-সংলগ্ন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। ফলে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ওই এলাকায় গাড়ি চলাচল বন্ধ থাকে। এর মধ্যে ওই এলাকায় ঢুকে পড়া যানবাহন হামলা-ভাঙচুরের শিকার হয়।সংঘর্ষের ব্যাপ্তির কারণে কোতোয়ালি থানার পুলিশের সঙ্গে এসে যোগ দেয় পাঁচলাইশ ও খুলশী থানার পুলিশের দুই ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের অতিরিক্ত দল। উপকমিশনার আমেনা বেগমের নেতৃত্বে আসে পুলিশের আরও একটি দল। অতিরিক্ত পুলিশ পৌঁছার পর দলীয় নেতা-কর্মীরা ধীরে ধীরে সরে যান। সন্ধ্যা ছয়টার মধ্যে পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে চলে আসে।এর আগে নগর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীদের একটি অংশ দলের নাসিমন ভবনের কার্যালয়ে অবস্থান নেয়। তারা সেখানে সমাবেশ করে সাড়ে ছয়টা পর্যন্ত। এরপর তারা দলীয় কার্যালয় ছেড়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।নগর বিএনপির সভাপতি আমীর খসরু ঘটনার জন্য পুলিশকে দায়ী করে প্রথম আলোকে বলেন, ‘বিনা উসকানিতে পুলিশ হামলা চালালে আমাদের শতাধিক নেতা-কর্মী আহত হন। আমি নিজেও লাঠিপেটার শিকার হয়েছি। সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে বলে আমাদের ওপর হামলা-নির্যাতনের মাত্রা বেড়ে গেছে।’কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, বিএনপির কর্মসূচিতে পুলিশ বাধা দেয়নি, বরং পুলিশের ওপর অহেতুক হামলা চালানো হয়। তাদের নিক্ষিপ্ত ইটের আঘাতে ২৫ পুলিশ সদস্য আহত হন।মোড়ে মোড়ে ভাঙচুর: পুলিশ ও বিএনপির কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের সময় জামালখান থেকে কাজীর দেউড়ি নূর আহমদ সড়ক এবং কাজীর দেউড়ি থেকে মেহেদিবাগ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।পুলিশের ধাওয়া খেয়ে বিকেল পাঁচটার দিকে বিএনপির কিছু কর্মী সার্সন রোড মোড়ে অবস্থান নেন। এ সময় তাঁরা সেখানে একটি বাস ও পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। আবার কাজীর দেউড়ি মোড়ে বেশ কিছু যানবাহনে ভাঙচুর চালান তাঁরা। সেখানে পুলিশ ধাওয়া দিলে কাজীর দেউড়ি ১ নম্বর গলির মুখে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। একপর্যায়ে তাঁরা জামান হোটেল অ্যান্ড রেস্তোরাঁ ও ব্র্যাক সেন্টারের কাচ ভাঙচুর করেন।