চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির নাসিমন ভবনের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশ লাঠিচার্জ ও বাধা দিয়েছে। এ সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়। একই সঙ্গে বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের অন্তত ৩০টি যানবাহন ভাঙচুর করে।গতকাল রোববার বিএনপির ডাকা হরতাল চলাকালে দলের নেতা-কর্মীদের আটক এবং লাঠিচার্জের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে নাসিমন ভবনে বিএনপি অফিসের সামনের মাঠে দলের বিক্ষোভ সমাবেশ চলছিল। এ সময় বিভিন্ন দিক থেকে ছোট ছোট মিছিল এসে রাস্তায় জড়ো হতে থাকে। পুলিশ তাদের বাধা দিলে বিকেল পৌনে পাঁচটার দিকে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে সংঘর্ষ আলমাস মোড়, তিন পুলের মাথা থেকে জামালখান মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। ফলে দেড় ঘণ্টা ধরে ওই সব রাস্তায় যানবাহন চলাচল বন্ধ ছিল।নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী দাবি করেন, তাঁদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে দলের অন্তত ৫০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মনজুর মোর্শেদ জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, কর্মীরা রাস্তার ওপর দাঁড়াতে গেলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। একপর্যায়ে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।