চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষে গ্রেপ্তার ২৮, আসামি ৫৫০
চট্টগ্রাম নগরে গতকাল সোমবার বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া ২৮ জনসহ প্রায় ৫৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গতকাল বিকেলে ঘটনাস্থল থেকেই তাদেরকে গ্রেপ্তার করা হয়।কোতোয়ালি থানার পুলিশের উপপরিদর্শক হারুনুর রশিদ বাদী হয়ে এ মামলা করেছেন। কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মনজুর মোরশেদ প্রথম আলোকে বলেছেন, সংঘর্ষের ঘটনায় দণ্ডবিধির ১২৭, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩০৭, ৩২৩, ৩৩২, ৩৫৩, ৪৩৪ ধারাসহ বিস্ফোরকদ্রব্য আইনের ৪ ধারায় মামলা হয়েছে। তিনি আরও বলেন, পুলিশ ঘরে ঘরে তল্লাশি চালিয়েছে। তবে পলাতক আসামিদের খুঁজে পায়নি।প্রসঙ্গত, চট্টগ্রাম নগরে গতকাল সোমবার পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার মনজুর মোরশেদসহ দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হয়।সোমবার বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ শুরুর আগে এ সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে বিএনপির ক্ষুব্ধ নেতা-কর্মীরা অন্তত ৩০টি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ১৮টি গুলি এবং আটটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।