চট্টগ্রামে পুলিশ হেফাজতে নৈশপ্রহরীর মৃত্যুর তদন্ত প্রতিবেদন দাখিলে হাইকোর্টের নির্দেশ
হাইকোর্ট চট্টগ্রামে পুলিশ হেফাজতে একজন নৈশপ্রহরীর মৃত্যুর ঘটনায় পুলিশ ছাড়া অন্য সংস্থা দিয়ে তদন্ত করে সেই প্রতিবেদন আদালতে জমা দিতে স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছেন।ওই মৃত্যুর ঘটনা সম্পর্কে চট্টগ্রামের পুলিশ কমিশনারকে ফৌজদারি বিধি ও অন্যান্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তার প্রতিবেদনও আদালতে দাখিল করতে বলা হয়েছে।সম্প্রতি চট্টগ্রামে মানিক নামের একজন নৈশপ্রহরী পুলিশের নির্যাতনে নিহত হয়েছেন বলে খবরটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।এ ঘটনায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের হাইকোর্টে দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার বিকেলে এ আদেশ দেন।পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গ্রেপ্তার ব্যক্তির জীবনের নিরাপত্তা দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে রুল জারি করেছেন আদালত। পাশাপশি ঘটনা সম্পর্কে দোষী ও দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, এ মর্মে কারণ দর্শাতেও বলা হয়েছে।আগামী তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজপি), পুলিশ কমিশনারসহ (ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ) সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া নিহত হওয়ার ঘটনায় দ্রুত সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতেও চট্টগ্রাম পুলিশ কমিশনার ও সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে।আদালত এর জন্য অভিযুক্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউনুস মিয়াকে আগামী ২৩ মে হাইকোর্টে হাজির হয়ে ঘটনার বিবরণ হলফনামা আকারে দাখিলের নির্দেশ দিয়েছেন।